সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ ২৫০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছয় দারোগাসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল রোববার সকাল সাড়ে সাতটা থেকে বেলা দেড়টা পর্যন্ত কালীকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ছাড়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া ডুমুরতলা রেঞ্জের বন বিভাগের গাছ কাটা নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সরাইলে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মজিবুর রহমানের (২৫) সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পারভেজ মিয়ার (২৫) গত শনিবার দুপুরে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
এর জের ধরে শনিবার রাত আটটার দিকে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। পরে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দুই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই ইউনিয়নের সীমানায় লাঠিসোঁটা, দা-বল্লম নিয়ে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় কালীকচ্ছের সূর্যকান্দি গ্রামের পাঁচ বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া (৪০) বলেন, সংঘর্ষে আহত তাঁর গ্রামের কাউছার মিয়া (১৪) নামের এক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত ওসি আলী আশরাফ বলেন, ‘আমি ও ছয় দারোগাসহ সংঘর্ষে দুই শতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২১টি ছররা রাবার বুলেট ও দেড় শতাধিক টিয়ার শেল ছুড়তে হয়েছে। এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
জামালপুরের লাউচাপড়া ডুমুরতলা রেঞ্জের বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে রেঞ্জের ১৫০ ও ১৩২ নম্বর লটের পাশাপাশি দুটি বাগানের গাছ বিক্রির জন্য দরপত্র ডাকা হয়। ডুমুরতলার মুক্তা মিয়া ১৫০ ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া গ্রামের হারুন-অর-রশিদ ১৩২ নম্বর লটটি পায়। গত শনিবার হারুন-অর-রশিদ ১৫০ নম্বর লট থেকে কয়েকটি গাছ কেটে নিলে মুক্তা মিয়ার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
গতকাল রোববার সকালে মুক্তা মিয়ার লোকজন গাছ কাটতে এলে হারুন-অর-রশিদের লোকজন তাঁদের ওপর হামলা চালান।
এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকি ব্যক্তিদের বকশীগঞ্জ ও শ্রীবর্দী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, একজন আরেকজনের লট থেকে গাছ কাটায় এ সংঘর্ষ হয়।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ করেনি। তবে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।