সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি করেছে ছাত্রলীগ

বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে প্রীতিভোজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ শনিবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে সাদ্দাম হোসেন হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন আহত হন। ঘটনায় জড়িত লোকজনকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান (সদস্য) ও দপ্তর সম্পাদক সুজন কুমার দে (সদস্যসচিব)।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে রিপোর্ট পেশ করব। কেন্দ্রীয় ছাত্রলীগ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’
আরও পড়ুন...
প্রীতিভোজে অপ্রীতিকর কাণ্ড ছাত্রলীগের!