সংঘর্ষের ঘটনায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসের স্টেশন এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন ইতিহাস বিভাগের দুর্জয় রাকিব ও ইংরেজি বিভাগের ইমরান হোসেন।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় জড়িত অন্য ছাত্রদেরও আটক করা হবে।
গত সোমবার ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে। সংঘর্ষের পর কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে।
এদিকে সোমবারের সংঘর্ষের সময় শাহ আমানত ছাত্রাবাসে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের চারটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। তাঁদেরই একজন ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. মোবারক হোসেন। থাকেন বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসের ১০৭ নম্বর কক্ষে। সংঘর্ষের সময় তিনি আকুতি জানিয়েছিলেন, ‘ভাই, আমরা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। আমাদের কক্ষগুলো ভাঙবেন না।’ কিন্তু তাঁর সেই আকুতি কেউ শোনেননি।
এ বিষয়ে আইন বিভাগের মাস্টার্সের ছাত্র শিক্ষার্থী খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এই কক্ষে (১০৭) আমি, প্রথম বর্ষের ইতিহাস বিভাগের মোবারক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নুরুল হুদা থাকি। ঘটনার দিন রাত নয়টায় আমি শহর থেকে ছাত্রাবাসে আসি। প্রথমেই আমার রুমমেটদের কান্নার আওয়াজ শুনতে পাই। ভাঙচুরে আতঙ্কিত হয়ে কান্না করছিল। আতঙ্কের কারণে আমরা সারা রাত ঘুমোতে পারিনি।’
ছাত্রাবাসের ১০৫ নম্বর কক্ষে থাকেন আইন বিভাগের দ্বিতীয় বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রাহাত খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভাঙচুরের সময় আমি কক্ষে ছিলাম। জানালার শরীরে কাচ ছিটকে পড়েছিল।’
ভাঙচুরের বিষয়ে ১০৩ নম্বর কক্ষের আইন বিভাগের শিক্ষার্থী ও প্রতিবন্ধী ছাত্রসমাজের সভাপতি সোলায়মান বাদশা প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার দিন আমি শহরে ছিলাম। দৃষ্টিপ্রতিবন্ধীদের কক্ষে ভাঙচুর শুরু করলে প্রতিবন্ধী ছাত্রসমাজের সদস্যরা আমাকে মুঠোফোনে বিষয়টি জানায়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি প্রভোস্ট ও প্রক্টর স্যারকে বিষয়টি জানাই।’
যারা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত ছিল না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।’
জানতে চাইলে শাহ আমানত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার সংঘর্ষের সময় প্রতিবন্ধীদের কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। আমি সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার পূর্ণ বিবরণ প্রক্টরের কাছে জমা দিয়েছি। কক্ষগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পেলে ভাঙচুরের সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।