সংঘর্ষের ঘটনায় দুটি মামলা, আসামি ২৫০, আটক ৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী, বহিরাগত ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার দুটি মামলা হয়েছে। মামলায় শিক্ষার্থী, বহিরাগতসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে গতকাল সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষক পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদের খোঁজ নিতে গেলে দুর্বৃত্তরা তাঁদের লাঞ্ছিত করে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
পাবনা সদর থানা সূত্র জানায়, গতকাল সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল ইসলাম খান বাদী হয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে প্রথম মামলাটি দায়ের করেন। এ মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। বিকেলে অপর মামলাটি করেন পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন। তিনি মামলাটিতে হামলা ও মারপিটের অভিযোগ করেছেন। এ মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ঘটনার পর পলিটেকনিক ও আশপাশের এলাকা থেকে ৬৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল হালিম জানান, ঘটনার পর ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে। ছাত্রাবাস ও কলেজ খোলা রয়েছে। নির্ধারিত সব পরীক্ষা নেওয়া হয়েছে। তবে সকালে শিক্ষক সমিতির সভাপতি সাইদ হোসেন ও রেজিস্ট্রার নবী উদ্দিন আহত ছাত্রদের খোঁজ নিতে পাবনা জেনারেল হাসপাতালে গেলে দুর্বৃত্তরা তাঁদের লাঞ্ছিত করে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের সহযোগিতায় তাঁরা ক্যাম্পাসে ফেরেন।
আবদুল হালিম বলেন, ‘আমরা ঘটনা তদন্তে শিক্ষক সমিতির সভাপতি সাইদ হোসেনকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছি। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সুধীজনদের সঙ্গে সমস্যাটি সমাধানের জন্য কথা বলেছি। তাঁরা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে চাঁদাবাজি, ছিনতাই ও বখাটেপনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বহিরাগতদের সঙ্গে ছাত্রদের বিরোধ চলছিল। ছাত্রদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের একটি প্রতিনিধিদল শনিবার সন্ধ্যায় বিরোধ মীমাংসার জন্য পলিটেকনিকে যায়। এ সময় বহিরাগতরা ছাত্রদের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বহিরাগত, ছাত্রলীগ ও ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হন।