সংঘর্ষের ঘটনায় আটক ৭, নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত শাহাবুদ্দিনের ছেলের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন।ফাইল ছবি
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত শাহাবুদ্দিনের ছেলের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন।ফাইল ছবি

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। ওই দিন সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সেখানে দুজন নিহত হন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন আজ সকালে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান মাজপাড়াসহ ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন। তিনি এখনো কুষ্টিয়ায় অবস্থান করছেন। তিনি আরও জানান, ঝাউদিয়া ইউনিয়নে একটা স্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। মাজপাড়া গ্রামের নিরাপত্তার জন্য সেখানে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। পুরো ইউনিয়নে ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে খুলনা রেঞ্জের থেকে ৫০ জন পুলিশ সদস্য যোগ দিয়েছেন। থানায় এখনো কোনো মামলা হয়নি।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকারের ভাষ্য, ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল সকালে মাজপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আওয়ামী লীগের পক্ষ দুটির মধ্যে একটির নেতৃত্বে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন। অন্যটির নেতৃত্বে আছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলী।

নিহত দুজন হলেন মাজপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে ইমান আলী (৩৫) ও বৈদ্যনাথপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৮)। তাঁরা দুজনই কেরামত আলীর পক্ষের লোক।