চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিজিএস কলোনিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শাহীন নামের এক ব্যক্তি রয়েছেন। গত ১ নভেম্বর সংঘর্ষের সময় শাহীন এলজি হাতে নিয়ে প্রতিপক্ষের লোকজনকে তাড়া করছিলেন। তাঁর এই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সিজিএস কলোনি এলাকায় সংঘর্ষের ঘটনায় জড়িত বেশির ভাগ সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে অস্ত্রধারী শাহীনকে পাহাড়তলীর আমবাগান এলাকার রেলওয়ে বস্তি থেকে গ্রেপ্তার করি। তবে ১ নভেম্বর তাঁর ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার হয়নি।’
ওসি মহিউদ্দিন বলেন, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৮ জন ১ নভেম্বরের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। বাকি সাতজন এই আটজনের সহযোগী। তাঁরা সিজিএস কলোনি ও আগ্রাবাদ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস করে বেড়াতেন।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ১ নভেম্বর আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমনের পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।