সংঘর্ষের ঘোষণা দিয়ে ককটেল হামলা, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন। গত বুধবার রাত নয়টার দিকে বিলকেন্দুয়াই গ্রামে হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ও তাঁদের স্বজনদের দাবি, গ্রামে তাঁদের প্রতিপক্ষ খাঁ বাড়ির লোকজন সংঘর্ষের ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। তবে পুলিশের ভাষ্য, ককটেল তৈরির সময় বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
আহত ব্যক্তিরা হলেন বিলকেন্দুয়াই গ্রামের হাজি বাড়ির মোখলেছ মিয়ার ছেলে আবদুর রহমান (২৫), নুরুল ইসলামের ছেলে মো. আলিম (২৩) ও আকরাম আলীর ছেলে নিয়ামুল ইসলাম (২০)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, বিলকেন্দুয়াই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত হাজি বাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে প্রায় চার ঘণ্টার সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
ওই সংঘর্ষের জেরে খাঁ বাড়ির লোকজন গতকাল বৃহস্পতিবার হাজি বাড়ির লোকদের সঙ্গে সংঘর্ষ করবেন বলে ঘোষণা দেন। বুধবার রাত নয়টার দিকে হাজি বাড়ির মোখলেছ মিয়ার ঘরে বসে আবদুর রহমান, মো. আলিম ও নিয়ামুল ইসলাম টেলিভিশনে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের খেলা দেখছিলেন। এই সময় খাঁ বাড়ির কয়েকজন লোক তাঁদের লক্ষ্য করে জানালা দিয়ে ককটেল ছুড়ে মারেন। এই সময় ককটেল বিস্ফোরিত হলে তাঁরা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার রাত সাড়ে নয়টায় সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিন যুবকেরই মুখমণ্ডল, দুই হাত, দুই পা ক্ষতবিক্ষত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আহত আবদুর রহমান অভিযোগ করেন, খাঁ বাড়ির জীবন খাঁ, উজ্জল খাঁ, মিজান খাঁ, সুজন খাঁ তাঁদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।
পলাতক থাকায় অভিযোগের বিষয়ে খাঁ বাড়ির লোকজনের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। গতকাল রাত আটটার দিকে বারবার ফোন দেওয়া হলেও তাঁরা ফোন ধরেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাখাওয়াত হোসেন বলেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, প্রাথমিক তদন্তে তাঁরা ককটেল তৈরি করছিলেন বলে জানা গেছে। এ সময় ককটেলের বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।