সংঘর্ষের পর রাঙামাটি পৌরসভায় ১৪৪ ধারা
পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে রাঙামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবিতে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের মধ্যে আজ শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজসহ ১১টি মেডিকেল কলেজ উদ্বোধন করেছেন।
উদ্বোধনের আগে সকাল সাড়ে নয়টার দিকে বনরূপা বাজার এলাকার হ্যাপির মোড়ে ছাত্রলীগ, স্থানীয় কয়েকটি বাঙালি সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সি আর পাল রাঙামাটি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন।
বনরূপা বাজার এলাকায় জজকোর্টের সামনে পিকেটাররা পিকেটিং করছিলেন। এ সময় ছাত্রলীগ ও স্থানীয় কয়েকটি বাঙালি সংগঠন তাঁদের বাধা দেয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
অবরোধে রাঙামাটি শহরে আজ হাটের দিন হলেও হাট বসেনি। অবরোধ চলাকালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল করছে না। শহরের বনরূপা, কালিন্দীপুর, হাসপাতাল সড়ক, কল্যাণপুর ও কলেজ গেট এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের শহরের কালিন্দীপুরের শৈল বিপণিবিতান থেকে কলেজ গেট পর্যন্ত ছাত্র পরিষদ, যুব সমিতি, মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা পিকেটিং করছেন। তাঁদের পাশে প্রচুর পুলিশ অবস্থান নিলেও পরিস্থিতি শান্ত দেখা গেছে। মেডিকেল কলেজের অস্থায়ী ক্যম্পাসে সকাল সাড়ে আটটায় কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ও কলেজের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কোনো লোকজন দেখা যায়নি। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রবেশপথে কয়েকজন সেনাবাহিনীর সদস্য এবং ভেতরে প্রচুর পুলিশ দেখা গেছে। পৌনে নয়টায় মাহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু মেডিকেল কলেজ ক্যম্পাসে প্রবেশ করেন। তাঁর আসার পথে পিকেটাররা বাধা দেয়নি বলে সাংসদের ব্যক্তিগত সহকারী মো. সালাউদ্দিন জানান।