সংঘর্ষ-হামলা-ভাঙচুর, আহত ৩০, আটক ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ছাত্রদলের শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা এবং পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ ২৮ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে ফেনী জেলা ছাত্রদলের একাংশ শহরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা রেস্ট হাউস এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় পৌঁছানোর পর পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে ছাত্রদলের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এরপর ছাত্রদলের কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অটোরিকশা, বাসসহ ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন। মহিপালে গাড়ি ভাঙচুর করার সময় যুবলীগের নেতা-কর্মীরা ধাওয়া করে ছাত্রদলের ১৪-১৫ জন কর্মীকে মারধর করেন। পরে পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের কর্মী সন্দেহে ২৮ জনকে আটক করে।
জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সমর্থকেরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ নিয়ে ছাত্রদলের কর্মীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, মিছিলে অংশগ্রহণকারী দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়ে। তিনি জানান, পুলিশ সাতটি কাঁদানে গ্যাসের শেল ও ২৮টি শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।