চার ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা, দখল ও জবরদস্তির ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর ক্ষুব্ধ দলটির নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিকেরা।
অধিকাংশ শরিক দল মনে করছে, আওয়ামী লীগের প্রার্থীদের যেকোনো প্রকারে জেতার মনোভাবই সংঘাত-প্রাণহানি বাড়াচ্ছে, যা নির্বাচনী ব্যবস্থা নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে।
১৪ দলের প্রায় সব কটি শরিক দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁরা বলেন, ইউপি নির্বাচন নিয়ে তাঁদের এই মনোভাব আওয়ামী লীগকে বলা হয়েছে। সব কটি ধাপের নির্বাচন শেষ হলে তাঁরা এ নিয়ে একটা মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে তা জোটের বৈঠকে উপস্থাপন করবেন। এতে নির্বাচনে ভুলত্রুটি, আইনকানুন ও জনমত উপেক্ষা করে সরকারি দলের জয়ী হওয়ার ভবিষ্যৎ প্রভাব ইত্যাদি থাকতে পারে।
এ ছাড়া একই সঙ্গে সরকারে ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টিও এ নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
জোট সূত্র জানায়, দলীয় প্রতীকে হচ্ছে বলে পৌরসভা ও ইউপি নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার পক্ষে ছিল অনেক শরিক। আওয়ামী লীগ এতে সাড়া দেয়নি। তারপরও শরিকেরা ধারণা করেছিল, কিছু কিছু স্থানে অন্তত সমঝোতা হবে। কিন্তু তা হয়নি। বরং বিভিন্ন স্থানে সরকারি দলের প্রার্থীদের কেন্দ্র দখল শরিকদের ক্ষুব্ধ করেছে।
১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, তরিকত ফেডারেশনের বেশ কিছু স্থানে চেয়ারম্যান পদে প্রার্থী ছিল। এসব দলের মধ্যে ইউপি নির্বাচনে সংঘাত ও জোরজবরদস্তি নিয়ে সবচেয়ে বেশি উচ্চবাচ্য করছে ওয়ার্কার্স পার্টি। দলটি নির্বাচন কমিশনকে তাদের অসন্তোষের কথা জানিয়েছে। দলের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সংসদেও নির্বাচন নিয়ে নিজের হতাশার কথা বলেছেন। সম্প্রতি ১৪ দলের এক বৈঠকে ওয়ার্কার্স পার্টির এই অবস্থানের সমালোচনা করেন আওয়ামী লীগের নেতারা। কোনো অসন্তোষ থাকলে তা প্রথমে ১৪ দলের ফোরামে আলোচনা করার কথা বলেন তাঁরা।
এ পর্যন্ত চার দফায় ২ হাজার ৬৬৮টি ইউপি নির্বাচনে ৬৫ জন নিহত হন। কেন্দ্র দখল, জাল ভোট, আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্সভর্তি করাসহ অনেক অভিযোগ রয়েছে। সর্বশেষ গত শনিবার চতুর্থ দফা নির্বাচনে নিহত হন আটজন। চতুর্থ দফা নির্বাচনে সব জেলায় কম-বেশি সংঘর্ষ হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে তাঁদের অসন্তোষের কথা সরকারের সব জায়গায় জানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা ফল পাননি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে আছে, তার যে একটা ভূমিকা থাকা দরকার, সেটা আমরা দেখিনি। ছয় পর্বের নির্বাচন শেষ হলে কমিশনের বিষয়ে আমরা একটা ফাইট দিব।’
নির্বাচন নিয়ে অসন্তুষ্ট তরিকত ফেডারেশনও। দলটির মহাসচিব এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকারি দল এ নির্বাচনে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্বাচন কমিশন অনেকাংশে ব্যর্থ। ভোটে আওয়ামী লীগ নিজেরা নিজেরা মারামারি করেছে, সেখানে আমাদের কর্মী-সমর্থকেরা অসহায় বোধ করেছে। প্রশাসনের সহায়তা পাওয়া যায়নি।’
ইউপি নির্বাচন নিয়ে জাসদের দুই অংশের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতা বলেন, পৌরসভা ও ইউপি নির্বাচন নিয়ে তাঁদের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে। কিন্তু দলে ভাঙনের কারণে তাঁরা প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।
জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, কিছু অঘটন ও সন্ত্রাস হচ্ছে। গণতন্ত্রের স্বার্থে সবার উচিত এটা পরিহার করা। একই সঙ্গে নির্বাচন কমিশন ও প্রশাসনেরও উচিত শক্ত ভূমিকা রাখা।
জাসদের আরেকাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ইউপি নির্বাচন সম্পর্কে এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সংশয় হতে পারে। নির্বাচনের এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য রাজনৈতিক দল, সরকার ও নির্বাচন কমিশন সবাইকেই দায়িত্ব নিতে হবে।
জোটের শরিকদের অসন্তোষের বিষয়ে জানতে চাইলে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন ব্যাপকভিত্তিক নির্বাচন। আর এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। কিছু সমস্যা তো হচ্ছেই। শরিকদেরও ক্ষোভ-প্রত্যাশা থাকতে পারে। সবাইকে বাস্তবতা মেনেই এগিয়ে চলতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তৃণমূলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ দলের বাইরে সরকারে অংশীদারত্ব আছে জাতীয় পার্টিরও (জাপা)। মহাজোটের অংশ হিসেবে তারা জাতীয় নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ভোটও করেছে। ইউপি নির্বাচনে তারাও তল পাচ্ছে না। ফলে জাতীয় পার্টিও ক্ষুব্ধ। দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, কেন্দ্র দখল, হামলা তো আছেই। এরপরও কেউ জিতে গেলে হয়রানি করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ইউনিয়নে তাঁদের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, প্রথম পর্ব থেকেই ইউপি নির্বাচন সঠিক হচ্ছে না। মামলা, হামলা, কেন্দ্র দখল—সবই করছে সরকারি দলের লোকজন। এই নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা বা জনসমর্থন যাচাই করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, এরপরও রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা ও দলের সাংগঠনিক সক্ষমতা বোঝার জন্য জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে।