সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতাহাতি
যশোরে বিজয় দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ ও জেলা প্রশাসকের সামনে মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের টাউন হল মাঠে এ ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ক্ষমতা হস্তান্তর নিয়ে সাবেক কমান্ডার মুযাহারুল ইসলাম ও বর্তমান কমান্ডার রাজেক আহমেদের অনুসারীদের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলেছে। সেই বিরোধের বহিঃপ্রকাশ ঘটেছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার আনিসুর রহমান। অনুষ্ঠান মঞ্চে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের যশোর জেলা ইউনিট কমান্ডার রাজেক আহমেদকে ডাকা হয়। এ সময় রাজেক বিরোধী মুক্তিযোদ্ধারা বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা মঞ্চের দিকে চেয়ার ছুড়ে মারেন ও টেবিল ভেঙে ফেলেন। এ সময় দুই পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক মাইকে শান্ত হওয়ার জন্য বলেন। কিন্তু মুযাহারুল ইসলামের অনুসারীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের পক্ষে মুযাহারুল ইসলাম ও জাসদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদোত্তীর্ণ কমিটির ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তখন জেলা প্রশাসক তিন দিনের মধ্যে তাঁদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রবিউল আলম বলেন, ‘জেলা প্রশাসক সরকারের প্রতিনিধি। তিনি এমন বিতর্কিত হবেন, আমরা কখনো কল্পনা করিনি। সরকারের সুস্পষ্ট আদেশ সত্ত্বেও তিনি কেন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিচ্ছেন না, সেটি আমাদের বোধগম্য নয়। তিনি বিষয়টি পরিষ্কার করলে ভালো হবে। তা না হলে ক্ষোভ আরও বাড়বে।’
বর্তমান কমান্ডার রাজেক আহমেদ বলেন, ‘আইনগত কারণে ৬৮টি মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের দায়িত্ব হস্তান্তর হয়নি। আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কমান্ডারের দায়িত্বে আমি আছি।’
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের কয়েকটি ইউনিট ইতিমধ্যে জেলা প্রশাসকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। আবার অনেক ইউনিট করেনি। আমি মন্ত্রণালয়ের মতামতের জন্য লিখেছি। আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ফয়সালা হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরুন।’