সংবর্ধনা অনুষ্ঠানে যুবককে পিটিয়ে হত্যা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার মশ্নিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজু আহমেদ (২২)। তিনি মনিরামপুর উপজেলার তালসারি গ্রামের মো. মোস্তফার ছেলে। রাজু ইমারত নির্মাণশ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নোয়ালী বড় মসজিদ এলাকায় শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রাত নয়টার দিকে চেয়ারম্যান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় অনুষ্ঠানস্থলে যান তাঁর সমর্থক রাজু আহমেদ। এরপর সেখানে চেয়ারে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা তাঁকে মারধর করেন। এতে আহত রাজুকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশীদ বলেন, রাজু হাসপাতালে আসার আগেই মারা যান। তাই ময়নাতদন্তের জন্য লাশ তখনই তিনি মর্গে পাঠিয়ে দেন।
রাজুর চাচা মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরের পর তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
তবে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে রাজুর গন্ডগোল হয়। ঠিক কী কারণে রাজুর মৃত্যু হয়েছে, তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।