সংবর্ধনার নামে সড়ক দখল করায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমকে বরণ করতে গতকাল বৃহস্পতিবার পাঁচ শতাধিক গাড়ির শোভাযাত্রা করেছেন দলের নেতা-কর্মীরা।
১ নভেম্বর ১২ দিনের বিদেশ সফর শেষে জাফর আলম দেশে ফিরলে গতকাল শোভাযাত্রাসহকারে তাঁকে বরণ করে সংবর্ধনা দেন নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জাফর আলম অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সফরে যান। ১ নভেম্বর তিনি দেশে ফেরেন। এরপর প্রস্তুতি নিয়ে গতকাল চকরিয়া উপজেলা, পৌরসভা ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে সড়কের পাশে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যানজট দেখা দেয়।
মহেশখালী থেকে চট্টগ্রামগামী নুরুন্নাহার (৪০) নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সপ্তাহজুড়ে জামায়াতের হরতাল ছিল। আজ (গতকাল) গাড়ি খুলেছে, তাও আবার সংবর্ধনার নামে সড়ক দখল করে লোকজন দাঁড়িয়ে আছে। গাড়ি যেতে পারছে না। পুরো আধা ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর দাবি করেন, সড়কের পাশে সংবর্ধনা সভা হলেও মানুষের চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। পুলিশ শৃঙ্খলা রক্ষায় ও মহাসড়ক সচল রাখতে কাজ করেছে। আওয়ামী লীগের নেতারাও সংবর্ধনার কারণে কারও অসুবিধা হয়নি বলে দাবি করেছেন।