সংবাদ সম্মেলন বন্ধ, পরে আ.লীগ-ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় গতকাল রোববার এক ব্যক্তি সংবাদ সম্মেলন করতে পারেননি। প্রেসক্লাব থেকে ওই ব্যক্তিকে বের হয়ে যেতে বাধ্য করার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ও তাঁর সহযোগীর ওপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন নগরের সোনাডাঙ্গা এলাকার আবুল বাশার চৌধুরী। তিনি নির্দিষ্ট সময়ে প্রেসক্লাবে উপস্থিতও ছিলেন। সংবাদ সম্মেলনে পাঠ করার জন্য তৈরি করা বক্তব্যে তিনি লিখেছিলেন, ৯ সেপ্টেম্বর তাঁর ভগ্নিপতি আমেরিকাপ্রবাসী মতিয়ার রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো দুর্বৃত্তরা সাংসদ মিজানুর রহমানের লোক। সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ দেখে প্রেসক্লাব কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বন্ধ করে দেয়। যুক্তি হিসেবে তারা বলে, প্রেসক্লাবে কেউ কারও বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে চাইলে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা থাকতে হবে। এটি প্রেসক্লাবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত। কিন্তু সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে সেই সত্যতা ছিল না।
এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রথম আলোকে বলেন, উপযুক্ত প্রমাণ না থাকার পরও লিখিত বক্তব্যে সাংসদের বিরুদ্ধে অভিযোগ থাকায় আবুল বাশারকে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সংবাদ সম্মেলন বন্ধ করে দেওয়ার পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী প্রেসক্লাবে এসে আবুল বাশার ও তাঁর সঙ্গে থাকা সাগর হোসেনকে বের হয়ে যেতে বাধ্য করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আমি ভয় পেয়ে মিজান ভাইকে ফোন করি। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমাকে তাঁর বাসায় যেতে বলেন। আমি রওনা দিই। মিজান ভাইয়ের বাড়ির সামনে গেলে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল অতর্কিতে আমাদের ওপর হামলা করে।’
হামলায় আহত সাগর হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আসাদুজ্জামান রাসেল ও মোতালেব মিয়া।
সাংসদ মিজানুর রহমান বলেন, ‘বাশারকে প্রেসক্লাব থেকে ডেকে নিয়ে ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সহায়তায় দীর্ঘ ২০ বছর ধরে চলা বিরোধ নিষ্পত্তি করে দিয়েছি।’ জানতে চাইলে তিনি বলেন, কাউকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়নি বা কাউকে মারধর করা হয়নি।