সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে তদন্তে ব্যর্থতার অভিযোগ স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারাজুল ইসলাম হত্যারহস্য উন্মোচনে পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার এই অভিযোগ করেন তারাজুল ইসলামের স্ত্রী আরজুমান্দ বানু।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছরের ৯ জুলাই রাতে বাড়িতে ঢুকে তারাজুল ইসলামকে গুলি করে সন্ত্রাসীরা। ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ২৩ জুলাই তিনি মারা যান। ওই ঘটনায় গাবতলী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আজও মূল ঘাতকদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উদ্ধার করতে পারেনি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরজুমান্দ বানু তাঁর স্বামী হত্যার জন্য দুটি কারণকে দায়ী করেন। তিনি দাবি করেন, বগুড়া সদর উপজেলার পীরগাছা উচ্চবিদ্যালয়ের সভাপতি ছিলেন তারাজুল ইসলাম। ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বৈধ প্রক্রিয়ায় মতিন সরকারকে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু বর্তমান সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব তাঁর ভগ্নিপতিকে প্রধান শিক্ষক করতে চাপ সৃষ্টি করতে থাকেন। যুগ্ম সচিবের ভগ্নিপতি ওই বিদ্যালয়ে তৎকালে একজন সহকারী শিক্ষক ছিলেন। এতে রাজি না হওয়ায় যুগ্ম সচিব ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বৈধভাবে নিয়োগ দেওয়া প্রধান শিক্ষককে অপসারণ করে নিজ আত্মীয়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করেন। এ নিয়ে তারাজুলের সঙ্গে ওই যুগ্ম সচিব এবং তাঁর ভগ্নিপতির বিরোধ চরম আকার ধারণ করে।

এ ছাড়া সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া আদর্শ গ্রাম জলমহাল নিয়েও স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল তারাজুলের। হত্যাকাণ্ডের পর পুলিশকে সম্ভাব্য এই দুই কারণের কথা জানানো হয়েছিল। কিন্তু পুলিশ তা আমলে নেয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মুঠোফোনের সূত্র ধরে প্রথমে হেলাল উদ্দিন এবং পরে মানিক মিয়া, জহুরুল ইসলাম ও শিহাব সরকারকে গ্রেপ্তার করে। এর মধ্যে শিহাব ওই যুগ্ম সচিবের নিকটাত্মীয়।

সংবাদ সম্মেলনে আরজুমান্দ বানু দাবি করেন, হত্যাকাণ্ডের নীলনকশার নেপথ্যে ওই যুগ্ম সচিব এবং তাঁর ভগ্নিপতিই। অথচ পুলিশ এখন পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করেনি। এ অবস্থায় হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, চেয়ারম্যান তারাজুল হত্যাকাণ্ড মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দি অনুযায়ী খুনের সঙ্গে মোট সাতজন পেশাদার খুনি জড়িত বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তবে সরকারি গুদামে ধান দেওয়া এবং বিদ্যালয় ও পুকুর নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।