সংবাদকর্মীদের ওপর হামলা মামলার তিন আসামি কারাগারে
নাটোরের আব্দুলপুরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
লালপুর থানা ও লালপুর আমলি আদালত সূত্রে জানা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন, আকলেস প্রামাণিক ও সামাদ হোসেনকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় লালপুর আমলি আদালতে হাজির করে। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল আমীন আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেল ফটকে এক দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়। রাতেই তাঁদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, আদালতের নির্দেশমতো আসামিদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁরা ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, গ্রেপ্তার হওয়া আলতাফ হোসেন উপজেলা যুবলীগের সহসভাপতি। অন্য দুজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের কর্মী।
গত শনিবার বিকেলে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনের তেল চুরির ওপরে একটি অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য সেখানে যায় তালাশ টিম। ট্রেন থেকে দুর্বৃত্তদের তেল চুরির ভিডিও ধারণ করার সময় যুবলীগের নেতা আলতাফ ও হাফিজুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালায়। এতে প্রতিবেদক সবুজ মাহমুদ, তাইমুর হাসান শুভ ও ক্যামেরাপারসন রাকিবুল হাসান আহত হন। এ সময় সংবাদকর্মীদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরের দিন সবুজ মাহমুদ বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন।