সংবাদপত্র বিক্রয় কর্মীকে পেটালেন যুবলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা যুবলীগের নেতা মোশারফ হোসেন ওরফে মুছা কালিহাতীতে এক সংবাদপত্র বিক্রয়কর্মীকে (হকার) পিটিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এলেঙ্গা বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ঘটনাটি ঘটে।

মোশারফ হোসেন জেলা যুবলীগের সহসম্পাদক। মারধরের শিকার সংবাদপত্র বিক্রয়কর্মীর নাম শাহ গাজী। মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এলেঙ্গার সংবাদপত্রের এজেন্ট সিদ্দিকুর রহমান বলেন, ঈদুল ফিতরের আগের দিন রোববার যুবলীগের নেতা মোশারফ হোসেন তাঁর একটি ব্যক্তিগত কাজ করার জন্য হকার শাহ গাজীকে বলেন। কিন্তু পত্রিকা বিক্রির কাজে ব্যস্ত থাকায় সেই কাজ করতে তাঁর দেরি হয়ে যায়। এতে মোশারফ হোসেন তাঁর ওপর ক্ষিপ্ত হন।

গতকাল দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডের ধানসিঁড়ি হোটেলের সামনে পেয়ে মোশারফ হোসেন সংবাদপত্র বিক্রয়কর্মী শাহ গাজীকে মারধর করেন। এতে গাজী মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তিনি তাঁকে কিল-ঘুষি-লাথি দিয়ে আহত অবস্থায় ফেলে রাখেন এবং পত্রিকা বিক্রি বন্ধ করাসহ এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় না আসার হুমকি দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।