সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ভেঙে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক সংস্করণ ও উচ্ছেদের নামে বিভিন্ন সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ভেঙে ফেলছে বলে অভিযোগ করেছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। গতকাল সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময় অবৈধ স্থাপনা অভিযান চালানোর সময় ভুলক্রমে সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ভেঙে ফেলা হচ্ছে। এভাবে টিঅ্যান্ডটি ভবন, ফুলবাড়িয়া সুপার মার্কেট, গুলিস্তান সার্জেন্ট পুলিশ বক্স, ফকিরাপুল বাজার, সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন এলাকায় বিনা নোটিশে অনেক বিক্রয়কেন্দ্র ভেঙে ফেলা হয়েছে।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সার্কুলেশন ম্যানেজার আবুল কালাম বলেন, তাঁর সংগঠনের নামে ঢাকা শহরের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৭০ থেকে ৮০টি স্থানে সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের অনুমোদন দিয়েছিল সরকার। কিন্তু তা ক্রমান্বয়ে ভেঙে ফেলায় ২০১০ সালে আদালতে একটি আবেদন করেন তিনি। পরে আদালত এসব বিক্রয়কেন্দ্র ভাঙা বন্ধে স্থগিতাদেশ দেন।