সংযোগ অবৈধ, কৃত্রিমভাবে বাড়ানো হয় গ্যাসের প্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরার যে বাড়ির একটি ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বাড়ির গ্যাস-সংযোগই ছিল অবৈধ। বাড়ির লাইনে গ্যাসের প্রবাহ বাড়ানোর জন্য বহিরাঙ্গনে স্থাপিত রাইজারের রেগুলেটর পরিবর্তনসহ কিছু কৃত্রিম উপায় অবলম্বন করা হয়েছিল অবৈধভাবে।
এ ছাড়া বাড়িটির বিভিন্ন ফ্ল্যাটে গ্যাস সরবরাহের এমন একটি নাজুক অবকাঠামোকে নতুন করে বর্ধিত করা হয় চিলেকোঠায় তৈরি একটি ফ্ল্যাটে। ফলে ওই ফ্ল্যাটের সংযোগ লাইনটি হয় আরও বেশি ঝুঁকিপূর্ণ। ওই লাইন দিয়ে ফ্ল্যাটটির রান্নাঘরে গ্যাস ছড়িয়ে পড়ে।
রান্নাঘরটিতে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় সকাল বেলা চুলা কিংবা বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রাস্তার ৮ নম্বরের ওই বাড়ির চিলেকোঠায় তৈরি ফ্ল্যাটে গত ২৬ ফেব্রুয়ারি গ্যাস বিস্ফোরণে অগ্নি দুর্ঘটনা ঘটে। তাতে ওই ফ্ল্যাটের ভাড়াটে পরিবারটির পাঁচ সদস্যের মধ্যে চারজনই দগ্ধ হয়ে মারা যান।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাড়িটির মালিক মো. মহিউদ্দিন ২০১৩ সালের ১ জানুয়ারি নিজ উদ্যোগে গ্যাসের অবৈধ সংযোগ নেন। এরপর ২৮ মে তিনি সংযোগটি বৈধ করার জন্য আবেদন করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তিতাস কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে বিল, জরিমানা ও অন্যান্য ফি আদায় করে সংযোগটি বৈধ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
কিন্তু কোম্পানির ভান্ডারে মালামাল না থাকায় বাড়িটির লাইন, রেগুলেটর প্রভৃতি পরিবর্তনের জন্য অপেক্ষমাণ তালিকায় ছিল। তিতাস এই পরিবর্তনগুলো করে না দেওয়া পর্যন্ত যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়দায়িত্ব নিজের ওপর বর্তাবে মর্মে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেন বাড়ির মালিক। ইতিমধ্যে দুর্ঘটনাটি ঘটে যায়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাড়িটির অন্য কোনো ফ্ল্যাটে গ্যাস ছড়িয়ে পড়ার কোনো আলামত মেলেনি। চিলেকোঠার ফ্ল্যাটটির জন্য বাড়ির মালিকের উদ্যোগে তৈরি লাইন নাজুক ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ফ্ল্যাটে গ্যাস ছড়িয়ে পড়েছিল বলে প্রতীয়মান হয়।
বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক তিতাসের শীর্ষ কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। এগুলো সবই উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। কারণ, যথাযথ নিয়মকানুন মেনে যোগ্য লোকের মাধ্যমে সংযোগগুলো নেওয়া হয়নি। ফলে যথেষ্ট দুর্ঘটনার ঝুঁকি আছে। এ সম্পর্কে গ্রাহকের সচেতনতা জরুরি।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানাতে তদন্ত করার জন্য রাজউক, তিতাস গ্যাস, ডেসা ও ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে ডেসা তাদের প্রতিবেদন পুলিশকে দিয়েছে। তাতে বলা হয়েছে যে বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটেনি।
মিজানুর রহমান আরও বলেন, তিতাস গ্যাসের তদন্ত প্রতিবেদন দ্রুতই পুলিশের কাছে আসবে। এতে ঘটনার মূল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্যাসের কারণে ওই ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছিল। বাড়ির মালিক দেলোয়ার হোসেনও গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশকে জানিয়েছেন।
গতকাল ঘটনাস্থলে গিয়ে বাড়ির অন্যতম মালিক দেলোয়ার হোসেনকে পাওয়া যায়নি। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের বিসমিল্লাহ মিষ্টিমুখেও তিনি ছিলেন না।
দেলোয়ার হোসেনের বাড়ির এক ভাড়াটে বলেন, বিস্ফোরণের পরদিন উত্তরা পশ্চিম থানার পুলিশ ওই ফ্ল্যাটে তালা দিয়ে বন্ধ করে দেয়। এরপর থেকে নিহত শাহনেওয়াজের পরিবারের সদস্যরা ওই ফ্ল্যাটে আসেননি।