সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিচ্ছে তিতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার তিন পুলিশ কর্মকর্তাসহ আশপাশের বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিচ্ছে তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ জন্য আগামী রোববার তিতাসের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
স্থানীয় লোকজন জানান, বছর খানেক আগে আশুলিয়া থানার ওসি বদরুল আলম তাঁর স্ত্রী মাসুমা আলমের নামে, সাভার থানার ওসি মোস্তফা কামাল তাঁর স্ত্রী খন্দকার শামীমা হাসানের নামে এবং এসআই ফরিদ আহাম্মেদ কাইচাবাড়ি এলাকার গণকবাড়ি মৌজা থেকে ছয় শতাংশ করে জমি কেনেন। সম্প্রতি ওসি বদরুল সেখানে তিনতলা দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেন। এর পাশেই আধাপাকা বাড়ি নির্মাণ করেছেন মোস্তফা কামাল ও ফরিদ আহাম্মেদ। মাস চারেক আগে এসব বাড়িতে তাঁরা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘তাঁদের বাড়িতেও অবৈধ গ্যাস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরপরই ওসি মোস্তফা কামাল ও এসআই ফরিদ তাঁদের বাসার গ্যাসের সরবরাহ বন্ধ করে দেন। তবে সন্ধ্যা পর্যন্ত ওসি বদরুলের বাসায় গ্যাস সরবরাহ অব্যাহত ছিল।
তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী রতন চন্দ্র দে বলেন, ১ সেপ্টেম্বর কাইচাবাড়ি এলাকার বেশ কয়েকটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ ছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ তাঁদের বাড়ির আশপাশের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আগামী রোববার ম্যাজিস্ট্রেট চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।