সংরক্ষিত টিকিট বিক্রিতে বাধ্য হলেন রেল কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি আন্তনগর ট্রেনের সংরক্ষিত কোটাসহ সাধারণ শ্রেণির তিন দিনের প্রায় ৩০০ টিকিট বিক্রি করতে বাধ্য করেছে একটি চক্র। গত বুধবার সন্ধ্যায় রেলস্টেশনে টিকিটের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড়ের মধ্যেই ৫০-৬০ লোকের একটি দল টিকিটের দাবিতে হঠাৎ স্টেশনের সার্ভার কক্ষে হামলা চালায়। এ সময় টিকিটগুলো বিক্রি করতে বাধ্য হন কর্মকর্তারা। এর বেশির ভাগ টিকিট ওই লোকজনই কিনে নেয়।
রেলওয়ে সূত্র জানায়, আন্তনগর তিনটি ট্রেনের টিকিটের ৫ শতাংশ ভিআইপি, ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী এবং ২ শতাংশ প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত তিন দিনের টিকিটগুলো কম্পিউটারে ‘ব্লক’ করে রাখা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৫০-৬০ জনের একটি দল টিকিট কাউন্টারের দ্বিতীয় তলায় উঠে সার্ভার কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। ঢুকেই তারা কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম অপারেটরের ওপর হামলা চালায়। তাঁকে চড়-থাপড়, কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তারা কোটার নামে ‘ব্লক’ করে রাখা সব টিকিট ছাড় করতে বাধ্য করে। এ সময় ভেতরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশও আসে। কিন্তু হামলাকারীদের সামনে কেউ কোনো কথা বলেনি। ওই লোকেরা রাত সাড়ে আটটা পর্যন্ত তিন দিনের শীতাতপনিয়ন্ত্রিত, বার্থ ও শোভন শ্রেণির প্রায় ৩০০ টিকিট ছাড় করায়। এ সুযোগে কিছু সাধারণ যাত্রীও টিকিট পান।
যাত্রীদের অভিযোগ, সংরক্ষিত কোটার টিকিট নিয়ে একটি দালাল চক্র টিকিট-বাণিজ্য করে। এর সঙ্গে রেলের কিছু কর্মচারীও জড়িত। এ জন্য সাধারণ যাত্রীরা টিকিট পান না। অল্প কিছু টিকিট বিক্রির পরই কাউন্টার থেকে বলা হয়, টিকিট শেষ হয়ে গেছে। পরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও দালালদের কাছে টিকিটগুলো দেওয়া হয়।
কারা এই হামলা করেছে, জানতে চাইলে স্টেশনের তত্ত্বাবধায়ক আবদুল করিম কিছু বলতে চাননি।