কক্সবাজারের টেকনাফে নয়টি, সদর কক্সবাজারে চারটি, রামুতে ১০টি, চকরিয়ায় চারটি ও পেকুয়ার দুটি ইটভাটা সংরক্ষিত বন এলাকায় রয়েছে
সংরক্ষিত বন এলাকায় ২৯ ইটভাটা
কক্সবাজারে সংরক্ষিত বন এলাকার ২৯টি ইটভাটা উচ্ছেদ করা হচ্ছে না। এসব ইটভাটার লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ।
অভিযোগ রয়েছে, এসব ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে বনের জীববৈচিত্র্যে।
ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০০১ অনুযায়ী, সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন ও কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সংরক্ষিত বনের আধা থেকে এক কিলোমিটারের মধ্যে এসব ইটভাটার অবস্থান।
পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, বনের ভেতরে তৈরি এসব ভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে। ফসলি জমির মাটি কেটে ইট তৈরি করায় পরিবেশ নষ্ট হচ্ছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জীববৈচিত্র্য ধ্বংসসহ মানুষের নানা সমস্যা হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার আটটি উপজেলায় ৫৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩৯টি ইটভাটার লাইসেন্স (সনদ) মেয়াদোত্তীর্ণ। সংরক্ষিত বন এলাকার ২৯টি ইটভাটার লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে টেকনাফ উপজেলায় নয়টি, সদর কক্সবাজারে চারটি, রামুতে ১০টি, চকরিয়ায় চারটি ও পেকুয়ায় দুটি।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে আমরা কাউকে ইটভাটা তৈরির লাইসেন্স দিতে পারি না। লাইসেন্স নবায়নও করছি না। এ কারণে বহু ইটভাটার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কেউ আবার উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে এসে ইট উৎপাদন করছে। এ কারণে ইটভাটা উচ্ছেদ করা যাচ্ছে না।’
টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের মুছনী গ্রামে সংরক্ষিত পাহাড়ের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে এইচবি ব্রিকস নামের একটি ইটভাটা। গত শনিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, ভাটায় তৈরি ইট ট্রাকে বোঝাই করে বিক্রি চলছে।
এইচবি ব্রিকসের দক্ষিণে লেদা, নয়াপাড়া ও জাদিমুরা গ্রামে সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে আরও পাঁচটি ইটভাটা। এগুলো হচ্ছে এআরবি ব্রিক, জেডআরবি ব্রিক, থ্রি-স্টার ব্রিক, এনবিসি ব্রিক ও ভাইভাই ব্রিকস। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটায় ইটি তৈরি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে এইচবি ব্রিকস ও এআরবি ব্রিকের মালিক মোহাম্মদ হাশেম ও তোফাজ্জল আহমদ বলেন, ‘বনের পাশে হলেও ব্যাক্তিমালিকানাধীন জমিতে আমরা ইটভাটা স্থাপন করেছি। তার পরও বনের ভেতরে ইটভাটা স্থাপন করা হয়েছে এ অভিযোগ তুলে পরিবেশ অধিদপ্তর আমাদের পরিবেশ ছাড়পত্র দিচ্ছে না। ফলে জেলা প্রশাসনও লাইসেন্স নবায়ন করছে না। এ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।’
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বনের পাশে তিনটি ইটভাটা তৈরি করেছেন স্থানীয় বাসিন্দা শামশুল আলম, ফেরদৌস আহমদ ও বেলাল উদ্দিন। বনের ৫০০ গজের মধ্যে এসব ভাটা স্থাপন করে কাঠ পুড়িয়ে ইট তৈরি হচ্ছে। পাহাড় কেটে আনা হচ্ছে মাটি। ইটভাটার কালো ধোঁয়ায় বিবর্ণ হচ্ছে বিভিন্ন গাছপালা।
ইটভাটার মালিক বেলাল উদ্দিন বলেন, বনের পাশে হলেও ভাটা স্থাপনের জমি ব্যক্তিমালিকাধীন। লোকজন থেকে কিনে তাঁরা ভাটায় কাঠ ব্যবহার করছেন।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবদুল আউয়াল সরকার বলেন, সংরক্ষিত বনের ভেতরে এবং জেলার বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু উচ্ছেদ হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনের ভেতরে তৈরি ২৯টি ইটভাটা দুই বছরের মধ্যে সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে কাজ চলছে।