সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে দোকানপাট নির্মাণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে তৈরি করা হয়েছে ৫০টি অবৈধ দোকানপাট। এ ছাড়া দোকানপাট ও বসতবাড়ি তৈরির জন্য অনেকে বনাঞ্চলের গাছপালা কেটে ফেলছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বন বিভাগের টেকনাফ রেঞ্জের মোচনী বিটের আওতাধীন লেদা এলাকায় ২০০৩-০৪ সালে সৃজিত বনাঞ্চলের (সামাজিক বনায়ন) গাছ কেটে বাঁশের বেড়া ও পলিথিন দিয়ে ৫০টি দোকানপাট নির্মাণ করা হয়েছে। এ সময় দোকানের মালিক দাবিদার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের রোহিঙ্গা শরণার্থী নূর বশর, সুলতান আহমদ, এহসান উল্লাহ, মো. আয়ুব, মো. আলম; সি ব্লকের জহুর আলম, মো. সেলিম; এল ব্লকের আয়ুব আলী, মো. ইয়াছিন এবং স্থানীয় বাসিন্দা মীর কাশেম, ফরিদ আলম, নবী হোসাইন, মঞ্জুর আলম, মো. ইসলাম ওরফে কালু বলেন, কয়েকজন বনপ্রহরী টাকা নিয়ে তাঁদের বনভূমিতে দোকানপাট তৈরির সুযোগ করে দিয়েছেন। এ পর্যন্ত কোনো বন কর্মকর্তা ঘটনাস্থলে বাধা দিতে আসেননি।
নূর বশর ও মীর কাশেম বলেন, এখানে দুই মাসের মধ্যে ৫০টির বেশি দোকান তৈরি হয়েছে। বনপ্রহরী মো. জামাল এবং সামাজিক বনায়নের দুজন অংশীদার মাসিক ভাড়া হিসাবে প্রতিটি দোকান থেকে ৫০০ টাকা করে হাতিয়ে নিচ্ছেন। ভাড়ার বিপরীতে কোনো রসিদ দেওয়া হচ্ছে না।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বনপ্রহরী মো. জামাল বলেন, বনের জমিতে দোকান তৈরি হয়েছে ঠিক, কিন্তু তিনি এর সঙ্গে যুক্ত নন। তিনি ভাড়াও আদায় করেন না।
স্থানীয় মোচনী বনবিট কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, অসুস্থতার কারণে তিনি ঈদের পর ছুটিতে গেছেন। এ সময় একজন কর্মচারীর যোগসাজশে সামাজিক বনায়নের জমি দখল করে দোকানপাট তৈরি করা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। এখন এসব উচ্ছেদের চেষ্টা চলছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, এলাকাটি বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিত। দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পশুপাখির আবাসস্থল ধ্বংস হবে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ ক্ষেত্রে বন বিভাগ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা চাইলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।