সংরক্ষিত বনাঞ্চলে বুনো মহিষ শিকার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে ফাঁদ পেতে বুনো মহিষ ধরে কসাইদের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দুই সপ্তাহে ওই বনাঞ্চলে ফাঁদ পেতে আটটি বুনো মহিষ ধরা হয়। এর মধ্যে সাতটি মহিষ ভোলার কচ্ছপিয়া এলাকার কসাইদের কাছে বিক্রি করা হয়েছে। একটি বাচ্চা মহিষ ফাঁদে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়ে। সেটিকে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে নিয়ে রাখা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের সোনারচর বিটের কর্মকর্তা মো. হারুন অর রশিদের সহযোগিতায় চরআন্ডা গ্রামের বাসিন্দা সেলিম ব্যাপারীর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি চক্র ফাঁদ পেতে বুনো মহিষ ধরার কাজ করছে। এ চক্রের সঙ্গে ভোলার চর কুকরি-মুকরি এবং কচ্ছপিয়া এলাকার কিছু লোকও জড়িত। তাঁরাই প্রথম ফাঁদ তৈরির কৌশল শিখিয়েছেন।
চরমোন্তাজ স্লুইস বাজারের ব্যবসায়ী মোশরেফ খান বলেন, সেলিম ব্যাপারী তাঁর লোকজন নিয়ে সোনারচরের সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে পায়ের দাগ দেখে বুনো মহিষের চকের (দল) চলাচলের পথ খুঁজে বের করেন। এরপর গভীর রাতে ওই পথে মোটা রশি দিয়ে তৈরি করা ফাঁদ পেতে রাখেন। ওই ফাঁদে একাধিক বুনো মহিষ আটকা পড়ে যায়। সুযোগ বুঝে কোনো এক সময় মহিষগুলো কসাইদের নৌকায় তুলে দেওয়া হয়।
একই এলাকার মো. সবুজ খলিফা বলেন, একেকটি বুনো মহিষ কসাইদের কাছে ৫০-৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, সোনারচরের বনাঞ্চলে আগে এলাকার কৃষকদের গরু-মহিষ চরানোর অনুমতি দেওয়া হতো। ওই সময় কিছু মহিষ বনাঞ্চলের গভীর জঙ্গলে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মহিষগুলো বংশ বিস্তার করায় সেখানে বেশ কিছু বুনো মহিষ চোখে পড়ে। কয়েক দিন আগে বনাঞ্চলে কাজ করতে গিয়ে অসুস্থ একটি বাচ্চা মহিষকে খালের পাড়ে পড়ে থাকতে দেখেন বন বিভাগের কাজে নিয়োজিত শ্রমিক সরদার সেলিম ব্যাপারী। তিনি লোকজন নিয়ে ওই বাচ্চাটিকে উদ্ধার করে চরআন্ডায় নিয়ে যান। ফাঁদ পেতে বুনো মহিষ ধরে বিক্রি করার অভিযোগ সঠিক নয়।
চরমোন্তাজ রেঞ্জের কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নাই। তবে সোনারচর থেকে বুনো মহিষের একটি বাচ্চা উদ্ধার করে চরআন্ডায় নেওয়া হয়েছে শুনে আমি সেখানে গিয়ে বাচ্চাটি দেখে এসেছি। চিকিৎসা করানো হচ্ছে। সুস্থ হলে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আর জঙ্গলে ফাঁদ পাতার বিষয়টি আমরা তদন্ত করব।’
সেলিম ব্যাপারীর মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। রাঙ্গাবালী থানার উপপরিদর্শক মো. খলিলুর রহমান বলেন, ‘ফাঁদ পেতে বুনো মহিষ ধরে বিক্রি করার ঘটনা আমাদের জানা নেই। এটি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’