সংরক্ষিত বনের গাছ কেটে নিচ্ছে চোরেরা, চারটি গাছ উদ্ধার
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইকোপার্কের রেইনট্রি বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। গত শনিবার বন বিভাগের কর্মীরা চারটি গাছ উদ্ধার করেছেন। এগুলোর মূল্য প্রায় এক লাখ টাকা বলে বনকর্মীরা জানিয়েছেন।
এলাকার বাসিন্দা সূত্র জানায়, তালতলী উপজেলার সংরক্ষিত টেংরাগিরি বনের বন বিভাগের নির্মিত সোনাকাটা ইকোপার্ক এলাকার গহিনে রেইনট্রি বাগান থেকে এক সপ্তাহ ধরে এলাকার সংঘবদ্ধ একটি চক্র রাতের অন্ধকারে রেইনট্রি গাছ কেটে নিয়ে যাচ্ছে।
শুক্রবার রাতে সোনাকাটা এলাকার জাফর হোসেন পেয়াদা ও দেলোয়ার পেয়াদা সাত-আটজন লোক নিয়ে বড় আকারের নয়টি রেইনট্রি গাছ কেটে ট্রলারে করে নিয়ে যায়। এ সময় ওই এলাকার খালে মাছ ধরারত জেলেরা বিষয়টি দেখে রাতেই বন বিভাগের সখিনা বিটের কর্মকর্তাদের জানান। গতকাল সকালে বন বিভাগের কর্মীরা স্থানীয় ফকিরহাট থেকে চারটি গাছ উদ্ধার করেন।
এলাকার লোকজনের অভিযোগ, জাফর হোসেন পেয়াদা ও দেলোয়ার পেয়াদা দুই ভাই মিলে সাগরে মাছ ধরার জন্য ফকিরহাট এলাকায় বসে একটি ট্রলার নির্মাণ করছেন। নির্মাণাধীন ওই ট্রলারের কাছ থেকেই চারটি গাছ উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। ফকিরহাটের ব্যবসায়ী রিপন হাওলাদার জানান, জাফর পেয়াদা ও দেলোয়ার পেয়াদা এক সপ্তাহ ধরে সংরক্ষিত বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
সোনাকাটা ইউপি সদস্য মো. মন্টু খলিফা জানান, সংরক্ষিত বনের গহিন থেকে বনদস্যুরা প্রায় প্রতিদিনই গাছ চুরি করে নিচ্ছে। এর মধ্যে টেংরাগিরি বনের সুন্দরীগাছের বাগান প্রায় নিঃশেষ হয়ে গেছে।
এদিকে জাফর পেয়াদা ও দেলোয়ার পেয়াদার সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে তাঁদের এলাকায় পাওয়া যায়নি।
বন বিভাগের সকিনা বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার বলেন, ‘ইকোপার্কের গহিনে রেইনট্রি বাগান থেকে বেশ কিছু দিন ধরে গাছচোরেরা বড় বড় রেইনট্রি গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযান চালিয়ে চারটি গাছ জব্দ করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বনে আমাদের টহল জোরদার করা হয়েছে।’ তিনি জানান, গাছ জব্দ করার ঘটনায় জাফর পেয়াদা ও তাঁর ভাইসহ অন্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।