সংরক্ষিত বনের পাশে অবৈধ ১২ ইটভাটা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের ১৫০ মিটারের মধ্যে এএসএম ইটভাটার অবস্থান। লাইসেন্স না থাকায় চলতি বছর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুবার ইটভাটাটি বন্ধ করে দেয়। আদায় করা হয় জরিমানাও। এরপরও সেখানে নতুন করে চিমনি তুলে ইট তৈরি হচ্ছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে সরকারি বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও দিনাজপুরের চরকাই রেঞ্জের অধীনে নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় বনের পাশে এভাবে অবৈধভাবে গড়ে উঠেছে ১২টি ইটভাটা।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, গত দুই দশক ধরে এসব ইটভাটা গড়ে উঠেছে। এগুলোর কারণে বনভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা না নেওয়ায় এগুলো বছরের পর বছর বহাল তবিয়তে চলছে। বন বিভাগের আপত্তি সত্ত্বেও ইটভাটার লাইসেন্স দেওয়া হয়েছে। অনেকেই নতুন ইটভাটা নির্মাণের উদ্যোগ নিচ্ছেন। চরকাই রেঞ্জের ১০ কিলোমিটার এলাকায় অন্তত ৩৭টি ভাটা রয়েছে। বনের কাঠই এসব ইটভাটার প্রধান জ্বালানি।
এ বিষয়ে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকার বলেন, এসব ইটভাটার কারণে নবাবগঞ্জের জাতীয় উদ্যানসহ তিন উপজেলার বৃহৎ শালবন ও অন্য বনের ব্যাপক ক্ষতি হচ্ছে। জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটিতে এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিটি সভায় এসব ভাটা বন্ধে তাগাদা দেওয়া হচ্ছে।
তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া দিনাজপুর বন বিভাগের তথ্য অনুযায়ী চরকাই রেঞ্জের তিন উপজেলায় সংরক্ষিত বনভূমি রয়েছে ৬ হাজার ২১৯ দশমিক ৬১ একর এবং রক্ষিত বনভূমি রয়েছে ১ হাজার ৪০৬ দশমিক ৩২ একর। বনের দুই কিলোমিটারের মধ্যে গড়ে তোলা ইটভাটাগুলো হলো নবাবগঞ্জ উপজেলায় সোহেল রানার এএসএম ব্রিকস, লিয়াকত আলীর এমএমবি ব্রিকস, হাসান মোহাম্মদ সালাউদ্দিনের এমবিএম ব্রিকস, শফিকুল ইসলাম ডলারের এসএনএম ব্রিকস, মো. রতনের আরএমএ ব্রিকস, মোহাম্মদ আলীর এমবি ব্রিকস, মো. মশফিকুর রহমানের আরটিবি ব্রিকস ও আমিনুল ইসলামের সততা ব্রিকস। বিরামপুর উপজেলার সুদর্শন পালিতের এসএ ব্রিকস ও পরিতোষ মল্লিকের এমকেএম ব্রিকস। ঘোড়াঘাট উপজেলার মো. নুরুল ইসলামের বিএইচএম ব্রিকস ও দেলোয়ার হোসেনের ডিবিএম ব্রিকস।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে জেলা প্রশাসন থেকে এমবিএম ইটভাটার লাইসেন্সও নবায়ন করা হয়েছে। সততা ব্রিকসের লাইসেন্স প্রক্রিয়াধীন। এমকেএম ব্রিকস নিয়ে উচ্চ আদালতের রিট রয়েছে। বাকিগুলোর লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের ভিত্তিতে ইটভাটার লাইসেন্স দেওয়া হয়।
কতটি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে, কী কী দালিলিক তথ্যের ভিত্তিতে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে এবং গত পাঁচ বছরে ইটভাটার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে তথ্য অধিকার আইনে গত ১৫ মে আবেদন করা হয়। তবে প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় ২ নভেম্বর তথ্য কমিশনে হাজির হওয়ার সমন জারি করে তথ্য কমিশন। সমন পেয়ে গত ২৬ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের কার্যালয় থেকে সিল-স্বাক্ষর ছাড়া শুধু ইটভাটার তালিকা দেওয়া হয়। ২ নভেম্বর শুনানিতে ২০ কার্যদিবসের মধ্যে বাকি তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জে এমএমবি ও এসএমএন ইটভাটা স্থাপনে বনভূমির গাছ কাটা হয়েছে। বনাঞ্চলের সীমা থেকে আরএমএ ৫০ মিটার, এএসএম ১৫০ মিটার, এমএমবি ১৭৫ মিটার, এমবিএম, আরটিবি ও সততা এক কিলোমিটার দূরে। অন্যগুলো দুই কিলোমিটারের মধ্যে রয়েছে। বিরামপুরের এসএ ও এমকেএম ব্রিকস বনের ৫০০ মিটারের মধ্যে। ঘোড়াঘাটের বিএইচএম ও ডিবিএম ব্রিকস বনভূমির এক কিলোমিটারের মধ্যে।
এএসএম ইটভাটার মালিক ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘দুবার উচ্ছেদের পর আধুনিক পদ্ধতির ভাটা করেছি। ইটভাটা তৈরির সময় বন বিভাগ বাধা দেয়নি। এক মাসের মধ্যে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স পাব।’
আরটিবি ইটভাটার মালিক মো. মশফিকুর রহমান বলেন, ‘বন বিভাগের লিখিত অনুমতি নিয়েই নির্মাণ করেছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স রয়েছে। এ বছর এখনো নবায়ন করা হয়নি।’ বন বিভাগের লিখিত অনুমতি দেখতে চাইলে ঢাকায় আছি বলে তিনি জানান।
এমকেএম ইটভাটার মালিক পরিতোষ মল্লিক মুঠোফোনে বলেন, ‘বনের দুই কিলোমিটারের মধ্যে ইটভাটা না করার আইনটি জানা ছিল না। বন বিভাগ থেকেও ভাটা নির্মাণে বাধা দেওয়া হয়নি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা বলেন, সংশ্লিষ্ট বিষয়ে বৈধ কাগজপত্র পাওয়ার পরই জেলা প্রশাসন ইটভাটার লাইসেন্স দেয়। এরপরও অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বনের পাশে অবৈধ ইটভাটা উচ্ছেদে বন বিভাগের চাহিদামতো সহযোগিতা করা হবে।