কক্সবাজারের বিভিন্ন স্থানে ৪৯টি অবৈধ ভাটায় কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। এর মধ্যে ২৯টি ভাটাই তৈরি করা হয়েছে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে। এতে বন উজাড়ের পাশাপাশি পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। জেলার আটটি উপজেলায় ইটভাটা রয়েছে ৫৫টি।
জেলা প্রশাসন ও বন বিভাগের তথ্যমতে, সংরক্ষিত বনের ভেতরে স্থাপিত ২৯টি ইটভাটার মধ্যে টেকনাফ উপজেলায় নয়টি, রামুতে ১০টি, কক্সবাজার সদরে চারটি, চকরিয়ায় চারটি ও পেকুয়ায় দুটি। বনাঞ্চলের ভেতরের ২৯টিসহ ৪৯টি ইটভাটার বিপরীতে নেই কোনো বৈধ লাইসেন্স। তবু চলছে লাখ লাখ ইটের উৎপাদন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা বলেন, সংরক্ষিত বনের ভেতরে স্থাপিত ইটভাটা দেখতে সম্প্রতি তিনি টেকনাফ, উখিয়া ও রামুর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। অন্যান্য এলাকার ভাটাগুলো পরিদর্শন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। জেলায় অর্ধশতাধিক ইটভাটা থাকলেও লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় অধিকাংশই অবৈধ হয়ে গেছে। তা ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কোনো কোনো ইটভাটার লাইসেন্স দিতে পারছে না জেলা প্রশাসন।
২৬ অক্টোবর টেকনাফের নীলা বনাঞ্চলে দেখা গেছে, পাশাপাশি দূরত্বে দুটি ইটভাটা। কাঠ পুড়িয়ে ভাটা দুটিতে ইট তৈরি হচ্ছে। ইটভাটার ৬০-৭০ গজ দূরত্বে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি সীমান্ত চৌকি। ভাটা দুটির পশ্চিম দিকে ৮০ গজের মধ্যে ঘনবসতিপূর্ণ লেদা গ্রাম।
মেসার্স জিয়াউর রহমান ব্রিকস ও মেসার্স এম এইচ বি ব্রিকস নামের ভাটা দুটির মালিক আলী আহমদ ও মো. হাশেম জানান, সংরক্ষিত বনের পাশে হলেও ব্যক্তিমালিকানাধীন জমিতেই তাঁরা ভাটা স্থাপন করেছেন। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না বলে ভাটার জন্য লাইসেন্স পাচ্ছেন না।
এ ছাড়া টেকনাফের নয়াপাড়া ও জাদিমুরা গ্রামে বনের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে আরও পাঁচটি ইটভাটা। এসব ইটভাটারও বৈধ কোনো লাইসেন্স নেই।
চকরিয়া উপজেলার উত্তর হারবাং বনের পাশে তিনটি ইটভাটা তৈরি করেছেন স্থানীয় শামশুল আলম, ফেরদৌস আহমদ ও বেলাল উদ্দিন। তাঁদের ভাটায় কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট। পাহাড় কেটে আনা হচ্ছে মাটি। বাধা দেওয়ার কেউ নেই।
একটি ইটভাটার মালিক বেলাল উদ্দিন জানান, বনের পাশে হলেও নিজেদের জমিতেই তাঁরা ভাটা স্থাপন করেছেন।
একইভাবে রামু উপজেলার ধোয়াপালং সংরক্ষিত বনের ভেতরেও ছয়টি ইটভাটা স্থাপন করে তৈরি হচ্ছে লাখ লাখ ইট।
কক্সবাজার বন বিভাগ সূত্র জানায়, বনের আশপাশে অবৈধভাবে তৈরি ইটভাটাগুলো উচ্ছেদের জন্য জেলা প্রশাসন বরাবরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু উচ্ছেদ করা হচ্ছে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পরিবেশ অধিদপ্তরও। এতে দিন দিন বনাঞ্চল উজাড় হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি রহমান মাসুদ জানান, সংরক্ষিত বনের ভেতরে তৈরি অধিকাংশ ইটভাটায় বনের কাঠ পোড়ানো হচ্ছে। ফসলি জমির মাটি কেটে তৈরি হচ্ছে ইট। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর কিছুই করতে পারছে না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনের ভেতরে তৈরি ইটভাটাগুলো সরিয়ে ফেলার নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কাজ চলছে। তা ছাড়া ইটভাটা স্থাপনের বিপরীতে লাইসেন্স দেওয়া হচ্ছে না। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সও নবায়ন করা হচ্ছে না।