
চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধে পয়লা বৈশাখ উদ্যাপন নিয়ে কটাক্ষ, ভুল তথ্য উপস্থাপন ও সাম্প্রদায়িকতা ছড়ানোর প্রতিবাদে ও এর লেখকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অভিভাবক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক মনিম উদ দৌলা চৌধুরী। বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার সিরাজুল হক, সেক্টর কমান্ডার্স ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুস সামাদ, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সম্পাদক রফিক হাসান, সাংবাদিক শহীদুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের ম্যাগাজিন মঞ্জরীতে ‘বাংলা নববর্ষ: ইতিহাস, উদ্যাপন-রীতি ও আমাদের সংস্কৃতি’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ম্যাগাজিনের সম্পাদক বাদরুল ইসলাম উল্লেখ করেন, বাংলা নববর্ষের নামে বর্তমানে যেসব অনুষ্ঠানাদির আয়োজন করা হয়, বাঙালি মুসলমানদের আবহমান সংস্কৃতি ও জীবনাচারের সঙ্গে তার সম্পর্ক নেই। বাংলা নববর্ষের নামে এক শ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবী যা কিছু করছেন তা মূলত হিন্দু সংস্কৃতিরই প্রতিরূপ। এ ছাড়া প্রবন্ধে মঙ্গল শোভাযাত্রাকেও কটাক্ষ করা হয়। এ কারণে তাঁরা লেখকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছেন। ডিসির মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এর অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।