সংসদে গিয়ে হাজিরা খাতায় সই দিলেন পলাতক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলার পলাতক আসামি সরকারি দলের সাংসদ আমানুর রহমান খান ওরফে রানা গত সোমবার সংসদে হাজিরা দিয়েছেন। তবে হাজিরা খাতায় সই করলেও তিনি সংসদ অধিবেশনে যোগ দেননি।
টাঙ্গাইল-৩ আসনের এই সাংসদ জেলার আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত ৬ এপ্রিল টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আমিনুল ইসলাম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ১৭ মে আদালত তাঁর মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই আদালত চিঠি দিয়ে এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করেন।
সোমবার আমানুর রহমান পুলিশের সামনে দিয়েই সংসদে ঢুকে হাজিরা দিয়ে বেরিয়ে যান। সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শীর্ষ কর্মকর্তা ও চিফ হুইপ এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
আমানুর রহমান সর্বশেষ গত বছরের ৫ জুলাই সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। টানা ৭৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর সোমবার তিনি সংসদে হাজিরা দেন। ওই দিন অধিবেশন শুরু হয়েছিল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। ১২টা ২০ মিনিট থেকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। সংসদের প্রধান ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য ও সংসদ সদস্য লবির গার্ডদের সঙ্গে কথা বলে জানা যায়, আমানুর রহমান বেলা ১১টার পর নিজস্ব জিপে চেপে সংসদে আসেন। এরপর তিনি অধিবেশনকক্ষের ৪ নম্বর লবিতে রাখা হাজিরা বইয়ে সই করেন। সই শেষে কয়েক মিনিট অপেক্ষা করে তিনি লবি ছেড়ে বেরিয়ে যান।
সংবিধান অনুযায়ী কোনো সাংসদ টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি নিতে হবে।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, সংসদে তো প্রতিদিন শত শত মানুষ আসা-যাওয়া করে। সম্ভবত পুলিশ আমানুর রহমানকে চিনতে পারেনি। চিনতে পারলে তারা নিশ্চয়ই বিষয়টি স্পিকারকে জানাত।
পলাতক থেকেও এই সাংসদ গত এপ্রিলে নিজস্ব প্যাডে মামলাটি পুনঃতদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাহিদাপত্র জমা দেন। গতকাল সংসদ সচিবালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা জানান, মামলা পুনঃতদন্তের বিষয়ে সরকারের শীর্ষ কোনো কর্মকর্তার কাছে তদবির করার জন্য আমানুর রহমান সংসদে এসে থাকতে পারেন। তবে তার আগে তিনি যে গ্রেপ্তার হবেন না, সে বিষয়ে নিশ্চিত হয়েছেন।
দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আমানুর রহমান সংসদে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি সংসদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শীর্ষ কর্মকর্তাদের জানান। কিন্তু কর্মকর্তারা গ্রেপ্তারের ব্যাপারে কোনো নির্দেশ দেননি।
জানতে চাইলে সংসদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সার্জেন্ট অ্যাট আর্মস) কমোডর সৈয়দ আরিফুল ইসলাম ও ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (অপারেশন) সেলিম খান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কোনো মন্তব্য করেননি।
সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘আমানুর রহমান সংসদে এসে হাজিরা দেওয়ার বিষয়টি আজই (গতকাল মঙ্গলবার) শুনলাম। তবে সংসদে এলেও তিনি অধিবেশনে যোগ দেননি। দিলে আমার চোখে পড়ত।’
এ বিষয়ে জানতে আমানুর রহমানের দুটি মোবাইল নম্বরে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। প্রথমে থানার পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে। ২০১৪ সালের আগস্টে এই মামলার আসামি আনিছুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইয়ের এ হত্যায় জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে সাংসদ ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে আছেন।
এ বছরের ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।