সুনামগঞ্জ সদর হাসপাতালের পাঁচ কোটি ৭১ লাখ টাকার সংস্কার ও নবায়নকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো বিল তুলে নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন এই অনিয়মের বিষয়ে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও কোনো লাভ হয়নি।
সুনামগঞ্জ গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতালের সংস্কার ও নবায়ন কাজ শুরু হয় গত এপ্রিল মাসে। পাঁচ কোটি ৭১ লাখ টাকার এই কাজ করছে ঢাকার এম আলম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
কাজের মধ্যে উল্লেখযাগ্য হলো, হাসপাতালের মূল ভবনসহ সব ভবন নতুনভাবে রং করা, টাইলস লাগানো, পুরোনো বিদ্যুৎ-সংযোগ পরিবর্তন, নতুন একটি ট্রান্সফরমার বসানো, ১৫টি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানো, সব কক্ষের পুরোনো দরজা-জানালা পরিবর্তন, বৈদুতিক পাখা পরিবর্তন, হাসপাতাল এলাকায় গভীর নলকূপ ও তিনটি সেপটিক ট্যাংক স্থাপন, হাসপাতালে সীমানাপ্রাচীর উঁচু করে ওপরে গ্রিল লাগানো।
হাসপাতালের একাধিক কর্মচারী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুরু থেকেই কাজে অনিয়ম করছিল ঠিকাদারের লোকজন। তারা সীমানাপ্রাচীরের গ্রিল ঠিকভাবে লাগায়নি। নতুন জানালা লাগানোর জায়গায় পুরোনো জানালাগুলোই সামান্য সংস্কার করেছে। ভবনে রং করা হয়েছে যেনতেনভাবে।
আবাসিক ভবনের এক কর্মচারী বলেন, ড্রেন সম্প্রসারণ করার কথা থাকলেও ঠিকাদারের লোকজন শুধু সেগুলো পরিষ্কার করেছে। আর কোনো কাজ করেনি। ভাঙা দরজা-জানালা পরিবর্তন না করে সেগুলো সামান্য ঠিকঠাক করে রং লাগিয়ে দিয়েছে।
হাসপাতালসংলগ্ন হাসননগর এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর সমরাজ মিয়া বলেন, ‘আমি কয়েকজন এলাকাবাসীকে নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করে কাজের অনিয়মের বিষয়ে বলেছি। কিন্তু শুরু থেকে কাজ যেভাবে হচ্ছিল এখনো সেভাবেই চলছে। পরে বিষয়টি স্থানীয় সাংসদকে জানিয়েছি। এখন খবর পেয়েছি ঠিকাদারি প্রতিষ্ঠান নাকি কাজ শেষ হওয়ার আগে পুরো বিল তুলে নিয়েছে।’
কাজের তদারকিতে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মামুন আহমদ বলেন, ‘আমাদের ঠিকাদার যেভাবে বলে দিয়েছেন, আমরা সেভাবেই কাজ করছি। সব দরজা-জানালা পরিবর্তন করার কথা নয়। যেগুলো একেবারে ভেঙে গেছে কেবল সেগুলোই আমরা বদলে দিয়েছি। আর সব কাজ ঠিকমতো হচ্ছে।’ তবে ঠিকাদারের মুঠোফোন নম্বর চাইলে তিনি দেননি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এহছান উজ জামান খান বলেন, ‘এখানে আমাদের করার কিছুই নেই। সবকিছু দেখছে গণপূর্ত বিভাগ। আমরা কেবল কাজ শেষ হলে একটা রিপোর্ট দেব।’ কাজে কোনো অনিয়ম হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ এখনো শেষ হয়নি। ট্রান্সফরমার, দুই লাইনের বৈদ্যুতিক সংযোগ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র লাগানো হয়েছে। কিন্তু চালু হয়নি।’
সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আমার কাছে কয়েকজন এলাকাবাসী এ বিষয়ে অভিযোগ করেছিলেন। পরে আমি সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বলেছি, কাজে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলব।’
তবে হাসপাতালের সংস্কার ও নবায়নকাজে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক। তিনি বলেন, ‘কাজ প্রায় শেষ, কয়েক দিনের কাজ বাকি, শেষ হয়ে যাবে।’ কাজ শেষ হওয়ার আগেই পুরো বিল দেওয়া সম্পর্কে তিনি বলেন, ‘এটা নিয়ম অনুযায়ীই দেওয়া হয়েছে। আমাদের কাছে ঠিকাদারের ১০ শতাংশ টাকা জামানত হিসেবে জমা আছে। কাজে কোনো সমস্যা হলে সেই টাকা আটকে দেওয়া হবে।’