
রংপুরের বদরগঞ্জ-নাগেরহাট সড়কটি প্রস্থে ১৮ ফুট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সড়ক। প্রতিদিন এই সড়কের ওপর দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। এই সড়কের পৌরসভা অংশে ২ হাজার ১৫০ মিটারব্যাপী চলছে সংস্কার কার্যক্রম। সংস্কার করতে গিয়ে সড়কটি প্রস্থে ১৮ ফুট থেকে কমিয়ে ১২ ফুটে নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পথচারীসহ এলাকাবাসীর অভিযোগ, সড়কটির প্রস্থ কমিয়ে যে দশা করা হচ্ছে, তাতে দুটি মাইক্রোবাসও এখন পাশাপাশি অতিক্রম করতে পারবে না। এতে পথচারীদের চলাচলের ক্ষেত্রে যেমন ভোগান্তি বাড়বে, তেমনি বাড়বে দুর্ঘটনাও। জাইকা প্রকল্প রাস্তাটির সংস্কারকাজে অর্থায়ন করেছে।
এই রাস্তা দিয়ে চলাচলকারী শাহাপুরের রিকশাচালক আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ কী কাণ্ড! মেয়রের কারবার ভালো না। সব জাগাত সড়ক বাড়ে আর এখানে সড়কটা আরও আঁটো করেছে। এ্যালা তো এই সড়ক দিয়া একসাথে দুইটা রিকশা কাটানোও মুশকিল।’
ট্রাকচালক ইদ্রিস আলী (৪৫) অভিযোগ করেন, পিচঢালা ১৮ ফুট প্রস্থের ওই রাস্তার দুই পাশ থেকে তিন ফুট তিন ফুট করে ছয় ফুট রাস্তার পিচ ভেঙে পাকা ইট ও টুকরা তুলে ঠিকাদার রাস্তাটাকে ১২ ফুট প্রস্থের করে ফেলেছেন। এই পুরোনো ইট ও টুকরা আবার রাস্তার সংস্কারকাজে লাগিয়ে লাভবান হচ্ছেন ঠিকাদার। কিন্তু দুর্ভোগ বাড়বে এ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের। কারণ, দুটি ছোট ট্রাকও এই ১২ ফুট রাস্তা দিয়ে পাশাপাশি অতিক্রম করতে পারবে না। এতে সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
বদরগঞ্জ পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, জাইকা প্রকল্পের টাকায় সড়কটির ওই সংস্কারকাজের ব্যয় ধরা হয়েছে ৯২ লাখ ২০ হাজার ৯২০ টাকা। কাজটি কাগজে-কলমে রংপুরের মিঠাপুকুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুজ্জামান পেলেও বাস্তবায়ন করছেন বদরগঞ্জের ঠিকাদার রবিউল আলম। ১৫ ফেব্রুয়ারি থেকে সড়কে এই সংস্কারকাজ চলছে। জাইকা প্রকল্পের প্রকৌশলীরা হিসাবে ভুল করায় ১৮ ফুটের রাস্তা এখন কমিয়ে ১২ ফুট করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সড়ক সংস্কারকাজে নিয়োজিত দুজন শ্রমিক বলেন, ‘জীবনে অনেক রাস্তার কাজ করেছি। কিন্তু এখানে কাজ করতে এসে পথচারীদের সঙ্গে প্রতিদিন তর্কবিতর্ক হচ্ছে। সবার একই প্রশ্ন, রাস্তা আঁটো করছেন কেন? পিচঢালা রাস্তার দুই পাশে ছয় ফুট ভেঙে আঁটসাঁট করায় নিজেদেরও খারাপ লাগছে।’
সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর মোকছেদুল হক বলেন, ‘১৮ ফুট প্রস্থের রাস্তা কমিয়ে ১২ ফুট করায় প্রতিদিন মানুষের অনেক কথা শুনতে হচ্ছে। এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। মানুষ বাড়ছে। রাস্তায় পথচারীদের চাপও বাড়ছে। এ কারণে রাস্তা আরও প্রশস্ত করা দরকার। দুনিয়ার কোথাও শুনি নাই প্রশস্ত রাস্তা সংস্কারের সময় কমানো হয়।’
এদিকে মূল ঠিকাদার কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। রাস্তার কাজ করা ঠিকাদার রবিউল আলম বলেন, ‘রাস্তাটির টেন্ডার হয়েছে প্রস্থে ১২ ফুট হিসেবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।’
জানতে চাইলে ওই সড়ক সংস্কার তদারকের কাজে নিয়োজিত জাইকা প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, মূলত ওই সড়ক প্রস্থে ১২ ফুট ছিল। আগের ঠিকাদার রাস্তার কাজ করার সময় দুই ধার ইট, বালু দিয়ে বাড়িয়েছিলেন। তাই এখন রাস্তাটির প্রস্থ ১৮ ফুট বলা হচ্ছে।
বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘জাইকার প্রকৌশলীরা রাস্তাটির ব্যাপারে হিসাব-নিকাশ করার সময় ভুল করেছেন। এখন প্রস্থে ১২ ফুট করা ছাড়া কোনো উপায় নেই। বিষয়টি নিয়ে জাইকার ওপরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখব রাস্তাটি আগের মতো ১৮ ফুট প্রশস্ত করে সংস্কারকাজ করা যায় কি না। যদি এখন সম্ভব না-ও হয়, তবে পরবর্তী সময়ে বরাদ্দ পেলে ওই রাস্তা প্রশস্ত করে দেওয়া হবে।’