সংস্কৃতিকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কবি আরিফ বুলবুলসহ চার সংস্কৃতিকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান নেতারা। হামলার ঘটনায় দায়ের করা মামলার ১২ দিন পার হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় পুলিশ সুপার মঈনুল হক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আশ্বাস দেন তাঁদের।
এ সময় মামলার বাদী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুন্দরবন রক্ষার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা ১১ জুলাই বিকেলে শহীদ মিনারে সমাবেশ ও মিছিলের আয়োজন করে। সমাবেশ শেষে সন্ধ্যায় শহীদ মিনারে কবি আরিফ বুলবুলসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।