সই জাল করে অর্থ আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৪১ লাখ টাকার দুটি কাজের অর্থ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্প কমিটির পাঁচজন সদস্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, সিদ্দিপাশা ইউপির চেয়ারম্যান খান এ কামাল হাসান ও সচিব শরিফুল ইসলাম প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য ২০১২ সালের ১০ নভেম্বর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে একটি সভা করেন। ওই সভার কার্যবিবরণীতে (রেজ্যুলেশন) কমিটির ২০ জন সদস্যের মধ্যে ১৬ জনের স্বাক্ষর জাল করা হয়। এরপর প্রকল্প দুটির কাজ যথাযথভাবে না করে ও স্বাক্ষর জাল করার মাধ্যমে টাকা উত্তোলন করে সেগুলোর বেশির ভাগ আত্মসাৎ করেন তাঁরা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব আহসান ৬ জানুয়ারি তদন্ত শুরু করেন। রাজীব আহসান বলেন, ‘আমি শুধু সদস্যদের স্বাক্ষর জালিয়াতির বিষয়ে তদন্ত করেছি। খুব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন জমা দেব।’
প্রকল্প কমিটি সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় সিদ্দিপাশা ইউনিয়নে প্রায় সাড়ে ৪১ লাখ টাকা ব্যয়ে দুটি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস প্রকল্প গ্রহণ করা হয়। আতাই নদীর পাশে মাটির কেল্লা নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ২৮ লাখ টাকা। পরে অতিরিক্ত কাজের জন্য আরও পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া ইউনিয়নের জয়রাবাদ স্লুইসগেট থেকে নলামারা অভিমুখে রাস্তা সংস্কারের কাজে সাড়ে ১৩ লাখ টাকার আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৩ সালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় এবং অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়।
৯ নম্বর ওয়ার্ডের সদস্য এম এম আবু জাফর বলেন, ‘প্রকল্প দুটিতে কাজের কাজ কিছুই হয়নি। যেনতেনভাবে কাজ করে প্রকল্পের টাকা উত্তোলন করে চেয়ারম্যান ও সচিব আত্মসাৎ করেছেন। সভার কার্যবিবরণীতে আমার সই জাল করা হয়েছে।’
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রপুর হাটের পাশে একটি জলাশয় ১৮০ ফুট দৈর্ঘ্য, ৭০ ফুট প্রস্থ এবং ১৬ ফুট উঁচু করে বালু দিয়ে ভরাট করে মাটির কেল্লা নির্মাণ করা হয়েছে। এর ওপরে প্রায় এক ফুট মাটি ছড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের সচিব ও প্রকল্প দুটির সদস্যসচিব শরিফুল ইসলাম বলেন, ‘আমি মিটিংয়ে থাকতাম না। শুধু রেজ্যুলেশন লিখতাম। স্বাক্ষর জালিয়াতি কে বা কারা করেছে, তা আমার জানা নেই। কাজ অ্যাকুরেট (সঠিক) হয়েছে।’
ইউপি চেয়ারম্যান খান এ কামাল হাসান বলেন, ‘প্রকল্প দুটিতে মানসম্মত কাজ করেছি। কাজের জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি রেজ্যুলেশন করে দিতে হয়। ওই রেজ্যুলেশন যার সই সে করেছে। একটি চক্র আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য দু-তিন বছর আগের একটি বিষয় সামনে তুলে নিয়ে এসেছে।’
জেলা প্রশাসক হুমায়ুন কবীর মুঠোফোনে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’