সওজ কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির মাপজোক করতে গিয়ে সড়ক ও জনপথের (সওজ) দুই কর্মকর্তাসহ কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সওজ কর্মকর্তাসহ সাত সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সওজ ধামরাইয়ের নয়ারহাট উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে গণকবাড়ী মৌজায় সওজের মালিকানাধীন প্রায় নয় বিঘা জমি রয়েছে। একই এলাকার ওমর আলী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি অবৈধভাবে দখল করে সেখানে তিন শতাধিক দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে সওজ জমি উদ্ধারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে আজ দুপুর ১২টার দিকে সওজ নয়ারহাট উপবিভাগের উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম ও সার্ভেয়ার আরিফুর রহমান ওই জমির মাপজোক করতে যান। এ সময় তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।
আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোক শুরু করার পরপরই ওমর আলীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তাঁরা প্রথমে তাঁদের কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে তাঁদের হামলাকারীদের হাতে থাকা লাঠি দিয়েও আঘাত করা হয়। উপস্থিত সাংবাদিকেরা তাঁদের রক্ষায় এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
হামলায় দৈনিক বণিক বার্তার সাভার প্রতিনিধি খোকা মুহাম্মদ চৌধুরী, দেশ টেলিভিশনের সাভার প্রতিনিধি শাহীনুর রহমান, যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদি হাসান ও পাঞ্জেরীর আবুল হায়াতসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় খোকা মুহাম্মদ চৌধুরীকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকা মুহাম্মদ চৌধুরী বলেন, সওজের কর্মকর্তাদের ওপর হামলার সময় তাঁরা (সাংবাদিক) ঠেকানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয়। হামলায় তিনি দুই পা, কান ও মাথায় আঘাত পেয়েছেন।
যোগাযোগ করা হলে ওমর আলী বলেন, তিনি ওই জমির মালিক। আর হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে।