সওজের আইন কর্মকর্তা দুদকের ফাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার পরিবারকে উচ্ছেদ না করতে ঘুষ চেয়েছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা। আজ বুধবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দলের হাতে। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ঘুষের টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ওই কর্মকর্তার নাম জহুরুল হক। তিনি সড়ক ও জনপথ বিভাগের এস্টেট আইন কর্মকর্তার কার্যালয়ের সহকারী আইন কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা মো. বদরুদ্দিনের ছেলে মো. সালাহউদ্দিন দুদকে একটি অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, মো. জহুরুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের ৩০ থেকে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী উচ্ছেদ নোটিশ নিয়ে গত ২৪ অক্টোবর তাঁর বাসায় গিয়ে তাৎক্ষণিকভাবে মালামালসহ বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। অনেক অনুরোধের পর উচ্ছেদ দলের পক্ষ থেকে জহুরুল হক বলেন, খরচাপাতি দিলে সব ঠিক করে দেবেন। গত ৩ নভেম্বর জহুরুল হকের সঙ্গে যোগাযোগ করলে উচ্চপদস্থ কর্মকর্তাদের দোহাই দিয়ে জানান, দুই লাখ টাকা দিলে পরিবারটিকে সেখানে থাকতে দেওয়া হবে। অনেক দেনদরবারের পর ৪৫ হাজার টাকায় রফা হয়। সে অনুযায়ী আজ ১৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
অভিযোগ পাওয়ার পর দুদকের পক্ষ থেকে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আট সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। আজ দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেনিয়ান শেড ফুড কোর্ট থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় জহুরুল হককে গ্রেপ্তার করা হয়।
পরে দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল হক এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন।