সওজের উচ্ছেদ এক একর জায়গা উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ঘাটগড় এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযান শুরু হয়ে বেলা তিনটার দিকে শেষ হয়।
চট্টগ্রাম সওজের ভূসম্পত্তি ও আইন কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মনীষ চাকমা অভিযান পরিচালনা করেন। তাঁকে সহযোগিতা করেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী আশিক কাদির ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ।
মনীষ চাকমা বলেন, সওজের পক্ষ থেকে দখলদারদের ২৬ সেপ্টেম্বর নোটিশ দেওয়া হয়। তাতে ৩০ ডিসেম্বরের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়ে দখল ছেড়ে দিতে বলা হয়। তা না করায় গতকাল উচ্ছেদ করা হয়। উচ্ছেদে উদ্ধার করা জায়গার পরিমাণ এক একর সাত শতক। পুরো জায়গা ৩১ ব্যক্তি দখল করে ৫০টির মতো স্থাপনা গড়ে তুলেছিলেন। এর মধ্যে এক ব্যক্তির দখলে থাকা জায়গার ব্যাপারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তা ভাঙা হয়নি।
৬০০ বর্গফুটের ওই জায়গা ব্যক্তিমালিকানার দাবি করে সাইফুল মাহমুদ নামের এক বাসিন্দা বলেন, তাঁদের জায়গাটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ জমির রেকর্ড থেকে শুরু করে যাবতীয় দলিল তাঁদের রয়েছে।
আশিক কাদির বলেন, উচ্ছেদ করার বিষয়ে নোটিশ ও মাইকিং করা হয়েছে। তাই দখলদারেরা আগে থেকেই মালামাল সরিয়ে রেখেছিল। অবশিষ্টাংশ একটি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন।