সওজের জমি দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতার!
ঢাকার ধামরাই পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই জমির কিছু অংশ স্থানীয় একটি প্রতিষ্ঠানের নামে আগে থেকেই ইজারা দেওয়া রয়েছে।
কাউন্সিলরের লোকজন ওই জমি শেখ রাসেল স্কয়ারের নামে ইজারা দেওয়ার দাবিতে গত বুধবার সকালে মানববন্ধন করেছেন। অন্যদিকে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে থানা ও পৌরসভাসহ সওজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে জমিটির একাংশের ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠানটি।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সওজের জমি দখল করে বিক্রির উদ্দেশে শেখ রাসেলের নাম ব্যবহার করছেন।
মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংযোগ-সড়ক হিসেবে ব্যবহারের জন্য ধামরাই থানা রোডের পাশে ঢাকা-আরিচা মহাসড়ক-সংলগ্ন প্রায় ৭ শতাংশ জমি কয়েক বছর আগে বরাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান বদরপুর কমপ্লেক্সকে ইজারা দেওয়া হয়। সম্প্রতি ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ইজারা দেওয়া ওই জমিসহ পাশের আরও কিছু জমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতির উদ্দেশে ‘শেখ রাসেল স্কয়ার’ নামে ইজারা নেওয়ার আবেদন করেন। অনুমোদন হওয়ার আগেই তিনি ওই জমিতে ‘শেখ রাসেল স্কয়ার’ নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
বরাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানের চলাচলের জন্য ২০১১ সালে সওজ থেকে প্রায় ৮ শতাংশ জমি ইজারা নিয়ে তা সংযোগ সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া বনায়নের জন্য ওই সংযোগ সড়কের পাশের আরও জমি ইজারার জন্য তাঁদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সওজ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। এরপরও জাকির হোসেন সপ্তাহ খানেক আগে ওই জমিতে শেখ রাসেল স্কয়ার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, বদরপুর কমপ্লেক্স ও ঢাকা-আরিচা মহাসড়কের মাঝে বেশ কিছু খালি জায়গা পতিত অবস্থায় রয়েছে। সওজের মালিকানাধীন ওই জমির কিছু অংশ বদরপুর কমপ্লেক্স ও মহাসড়কের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ওই রাস্তার ওপরেই টাঙানো হয়েছে শেখ রাসেল স্কয়ার নামে সাইনবোর্ড।
বরাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মীর বরাত আলী বলেন, কাউন্সিলর জাকির হোসেন শেখ রাসেল স্কয়ার নাম দিয়ে তাঁদের প্রতিষ্ঠানের নামে ইজারা নেওয়া জমিসহ পাশের সওজের আরও জমি দখল করে তা আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন।
জাকির হোসেন বলেন, সংযোগ সড়কের জন্য বরাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ বদরপুর কমপ্লেক্সের নামে সওজের জমি ইজারা নিলেও অধিকাংশ জমি লোকজন অবৈধভাবে দোকান তুলে তা দখল করে রেখেছেন। এ কারণে শেখ রাসেলের স্মৃতির উদ্দেশে সেখানে রাসেল স্কয়ার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই সিদ্ধান্তের পক্ষে দল বা সরকারের কোনো সমর্থন নেই। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
সওজ মানিকগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক বলেন, শেখ রাসেল স্কয়ারের নামে ইজারা চেয়ে একটি আবেদন পাওয়া গেছে। তবে ওই আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই জমি আগে থেকেই একটি প্রতিষ্ঠানের নামে ইজারা দেওয়া আছে। তিনি বলেন, আবেদন করেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি সম্পত্তি দখল বা তাতে সাইনবোর্ড টাঙাতে পারেন না। এমনটি হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।