সওজের জমিতে আ.লীগ কর্মীর পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি সেতু এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের জমি দখল করে পুকুর খনন করছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এতে ওই মহাসড়ক ও সেতু হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ওই আওয়ামী লীগ কর্মী মনে করেন, সড়ক তো এমনিতেই মেরামত করতে হবে। পুকুরের কারণে ক্ষতিগ্রস্ত হলেও তা নিয়ে চিন্তিত নন তিনি।
গত শনিবার দুপুরে বড়াইগ্রামের আইরমাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কটির পাশ ঘেঁষে ১০ থেকে ১৫ ফুট গভীর করে একটি পুকুর করা হয়েছে। সম্প্রতি পুকুরটি খনন করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম আজাদ (৫৫)। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম মান্নান বলেন, আবুল কালাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি সরকারি জমিতে পুকুর খনন করেছেন কি না তা তাঁর জানা নেই।
স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় ৭৭ শতক জমির ওপর পুকুরটি খনন করা হয়। এর মধ্যে মহাসড়কের জমি রয়েছে প্রায় ১০ শতক। পুকুরের পাড় ঘেঁষেই রয়েছে মহাসড়কের ঢালুতে ব্যবহার করা সিসি ব্লক ও গাছপালা। মাছ চাষের জন্যই পুকুরটি খনন করা হচ্ছে বলে এলাকাবাসী জানান।
স্থানীয় একজন নির্মাণপ্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘পুকুরের পাড় বাঁধাইয়ের কারণে আইরমাড়ি সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ারও শঙ্কা রয়েছে। এ ছাড়া মাছ চাষের জন্য পুকুরে বিভিন্ন রাসায়নিক প্রয়োগ ও মাছের চাষের কারণে মহাসড়কটিও ক্ষতিগ্রস্ত হবে।
তবে এসব আশঙ্কা মানতে নারাজ আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘মহাসড়কসংলগ্ন জমিতে বর্ষার সময় জলাবদ্ধতা তৈরি হয়ে এমনিতেই সড়কে পানির ঢেউ লাগে। তো পুকুরের পানির ঢেউ লাগলে ক্ষতি কী?’ সিসি ব্লক ধসে পড়ার আশঙ্কা সম্পর্কে বলেন, ‘এই সড়ক চিরকাল টিকে থাকবে না, এমনিতেই কয়েক বছর পরপর মেরামত করতে হবে।’ এ ছাড়া সড়কের ১০ শতক জমি পুকুরের মধ্যে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সরকারের জমি ভালো কাজে লাগছে। এতে দোষের কী?’
উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘সড়ক এবং সেতুসংলগ্ন স্থানে পুকুর খননের ফলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে সড়ক ও সেতু দুটোই হুমকিতে পড়বে। তবে জায়গাটি সওজের হওয়ায় আমাদের কিছু করার নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, তিনি বিষয়টি সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি নিজেও ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
নাটোরের সড়ক ও জনপথ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনে একজন সহকারী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।