সওজের জমিতে আ.লীগ নেতাদের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় দুজন নেতা দোকান বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে তাঁরা প্রায় ৪৫ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অনেকে জানান, ওই মহাসড়কে উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে ১৫-১৬ জন মাংস ব্যবসায়ী অস্থায়ীভাবে ব্যবসা করে আসছিলেন। এক সপ্তাহ আগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হোসেনের নেতৃত্বে ওই ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, মাংস ব্যবসায়ীদের উচ্ছেদ করার পর ওই দু্জন নেতা মহাসড়ক ঘেঁষে সওজের জমিতে দোকান বরাদ্দ দেওয়া শুরু করেন। প্রতিটি দোকানের জন্য তাঁরা দেড় লাখ টাকা করে নেন। এ পর্যন্ত তাঁরা ৩০টি দোকান বরাদ্দ দিয়েছেন। আর এভাবে তাঁরা ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ওই দুই নেতাকে টাকা দেওয়া ব্যবসায়ীরা ইতিমধ্যে প্রায় ১২-১৩টি দোকান নির্মাণের কাজ শুরু করেছেন।
সরেজমিনে দেখা গেছে, ওই স্থানে সওজের জমিতে পানির ওপর বাঁশ দিয়ে উঁচু করে নতুন দোকান তৈরির কাজ চলছে। সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে পাহারা দিতে দেখা গেছে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করে ব্যবসায়ী পরিচয় দিলে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘আমি এখন একটি অনুষ্ঠানে আছি, টাকা নিয়ে কাল দেখা কইরেন।’ এ কথা বলার পরপরই তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
তবে কিছুক্ষণ পর সাংবাদিক পরিচয় দিয়ে কথা বললে তিনি দোকান বরাদ্দ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘দোকানগুলো এলাকার ব্যবসায়ীরা করছেন। আমি তাদের সহযোগিতা করছি।’
এ ব্যাপারে কথা বলার জন্য ময়নুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।
সওজের কালিয়াকৈর এলাকার কার্যপরিদর্শক মো. আবদুল বলেন, ঘটনার বিস্তারিত উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি জানিয়েছেন।