সওজের জমিতে যুবলীগ ও ঠিকাদারদের কার্যালয়
সাভারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা হয়েছে যুবলীগের কার্যালয়। তাঁর পাশেই রয়েছে তিতাসের ঠিকাদারদের একাংশের কার্যালয়। কিন্তু জমি উদ্ধারে সওজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় অনেকের সঙ্গে কথা বলে বলে জানা গেছে, মাস খানেক আগে উপজেলা যুবলীগের কয়েকজন নেতা সাভার বাসস্ট্যান্ডের অদূরে শিমুলতলা এলাকায় তিতাস গ্যাসের কার্যালয়সংলগ্ন সওজের জমি দখল করে টিনের একটি ছাপড়াঘর নির্মাণ করেন। ওই ঘরটি যুবলীগের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে।
অন্যদিকে, তিতাসের ঠিকাদারদের কার্যালয়টি গড়ে তোলা হয়েছে প্রায় এক বছর আগে। তিতাসের ঠিকাদারদের একাংশের কয়েকজন ঠিকাদার টিন দিয়ে ছাপড়াঘর নির্মাণ করে তাঁদের কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।
গত শনিবার শিমুলতলা এলাকায় গিয়ে যুবলীগের কার্যালয়ের সামনে একটি সাইনবোর্ড দেখা যায়। একটি প্রতিষ্ঠানের বিলবোর্ডের ওপর লাগানো ওই সাইনবোর্ডে স্থানীয় সাংসদ এনামুর রহমানের ছবিসহ যুবলীগ নেতাদের ছবি রয়েছে।
পাশেই মেঝে পাকা করা টিনের অন্তত ৫০ ফুট লম্বা ঘরের সামনে ঝোলানো রয়েছে ‘সাভার গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতি’ নামে একটি সাইনবোর্ড।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তিতাসের অবৈধ লাইন স্থাপনের সঙ্গে যুবলীগের একাধিক নেতা জড়িত রয়েছেন। তাঁদের সুবিধার জন্যই তিতাসের কার্যালয়ের সামনে যুবলীগের নামে একটি কার্যালয় খোলা হয়েছে। আসলে ওই কার্যালয় থেকে দলীয় কোনো কার্যক্রম পরিচালনা করা হয় না।
সাভারে ভাড়া নেওয়ার উপযোগী বহু ভবন থাকার পরেও তিতাসের কার্যালয়ের পাশে সওজের জমিতে অবৈধভাবে যুবলীগের কার্যালয় নির্মাণের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘মূলত মাথা গোঁজার একটু স্থান করার পাশাপাশি বাসস্ট্যান্ডভিত্তিক দলীয় কার্যক্রম চালানোর জন্যই কার্যালয়টি নির্মাণ করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’
সাভারের গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, সড়ক ও জনপথে আবেদন করে কার্যালয়টি নির্মাণ করা হয়েছে। তবে কোনো অনুমতি পাওয়া যায়নি বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে সওজের কল্যাণপুর উপবিভাগের প্রকৌশলী মো. সামসুজ্জোহা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।’