সওজের জমিতে সাভার পৌরসভার হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকায় হাটবাজার ও যানবাহনের স্ট্যান্ডের জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ নেই। এর পরও বছরের পর বছর ধরে হাটবাজার ও স্ট্যান্ডের নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি ইজারা দেওয়া হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে সড়ক-মহাসড়ক, রাস্তা ও সরকারি জমি দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।
সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ বলেন, সুনির্দিষ্ট কোনো স্থান না থাকলেও বছরের পর বছর ধরে চলে আসা ইজারা প্রথা অনুযায়ী এবারও বিভিন্ন মহাল ইজারা দেওয়া হয়েছে। তবে আগামী বছর ইজারা দেওয়ার সময় এসব পৌরসভা সীমার মধ্যের জায়গা নির্ধারণ ও মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
হাটবাজার, যানবাহন স্ট্যান্ডসহ পৌর এলাকার ভেতরের মহালের ইজারা সম্পর্কে জানতে গত ৩ ও ১৪ জুলাই পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে পরপর দুটি আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই পৌর কর্তৃপক্ষ এ সম্পর্কে আংশিক তথ্য দেয়।
পৌর কর্তৃপক্ষের দেওয়া তথ্যে দেখা গেছে, বাংলা ১৪২১ সনের জন্য সাভার পৌরসভা থেকে সাভার হাটবাজার, সাভার বাসস্ট্যান্ড কাঁচাবাজার, সাভার পৌরসভা সংলগ্ন অস্থায়ী কাঁচাবাজার, সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন যানবাহন ও কুলিস্ট্যান্ড, সাভার বাজারসংলগ্ন ট্রাক ও ঠেলাস্ট্যান্ড, কর্ণপাড়া ও ভাগলপুর কাঁচাবাজারসহ বেশ কিছু জায়গা ইজারা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২০১১ সালের হাটবাজার নীতিমালা অনুযায়ী প্রতিটি উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন তাদের সীমানার মধ্যে অবস্থিত হাটবাজার ইজারা দিতে পারবে। কিন্তু সাভার পৌর এলাকার ভেতরে বলে যেসব মহাল হাটবাজার, যানবাহন ও কুলিস্ট্যান্ড হিসেবে ইজারা দেওয়া হয়েছে সেগুলোর অস্তিত্ব নেই। এগুলোর নামে ইজারা দেওয়া হয়েছে মূলত ঢাকা-আরিচা মহাসড়ক ও সড়কসংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিসহ রাস্তাঘাট।
তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা ইজারা দেওয়া হয়েছে ‘সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন যানবাহন ও কুলিস্ট্যান্ড’ নামে। কিন্তু মহাসড়কের ওই অংশে যানবাহন স্ট্যান্ডের কোনো অস্তিত্ব নেই। ওই স্থানে মহাসড়কের ওপরেই যাত্রী ও মালামাল ওঠানো ও নামানো হয়।
সাভার বাসস্ট্যান্ড এলাকায় ‘সাভার বাসস্ট্যান্ড কাঁচাবাজার’ নামে যে জায়গা ইজারা দেওয়া হয়েছে, বাস্তবে সেটিরও কোনো অস্তিত্ব¦নেই। এই মহালের নামে কয়েক শ লোক ঢাকা-আরিচা মহাসড়ক, সড়কসংলগ্ন ফুটপাত এবং সওজের জমি দখল করে বাজার বসিয়েছেন। এতে চলাচলে সমস্যা হচ্ছে পথচারীদের।
সরেজমিনে দেখা গেছে, ফুটপাত ও ফুটপাতসংলগ্ন সওজের জমি দখল করে অবৈধ দোকানপাট বসায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় সারাক্ষণই যানজট লেগে থাকে। সাভার উত্তরপাড়ার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ফুটপাতজুড়ে শুধু দোকান আর দোকান। দোকানপাটের কারণে বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল।
কর্ণপাড়া কাঁচাবাজার হিসেবে যে স্থানটি ইজারা দেওয়া হয়েছে, সেখানে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সওজের জমির ওপর শতাধিক অস্থায়ী দোকানপাট দেখা গেছে। প্রভাবশালী ব্যক্তিরা পৌরসভা থেকে নামমাত্র টাকায় ইজারা নিয়ে ওই জমি দখল করে ইজারার নামে চাঁদা আদায় করছেন।
সাভার বাজার (নামাবাজার) সংলগ্ন ‘ট্রাক ও ঠেলাস্ট্যান্ড’ নামে যে মহালের ইজারা দেওয়া হয়েছে বাস্তবে এটিরও কোনো অস্তিত্ব নেই। মূলত বাজারের ভেতরে চলাচলের জন্য নির্মিত সড়কই ট্রাক ও ঠেলাস্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সওজের ঢাকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, ‘আমি সম্প্রতি এই কার্যালয়ে যোগদান করেছি। এ বিষয়ে আমি অবগত নেই। তবে সওজের জমিতে কেউ বাজার বসিয়ে থাকলে বা কোনো কর্তৃপক্ষ সওজের জমি ইজারা দিয়ে থাকলে তা অনৈতিক ও অবৈধ। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’