সওজের জমিতে হচ্ছে আ. লীগের কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরশহরের নতুনবাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সেই জমি দখল করে গতকাল সোমবার থেকে দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু করছে উপজেলা আওয়ামী লীগ। দলের উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক আবুল মনসুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মাস দেড়েক আগে নান্দাইল পৌরসভার সাবেক এক কাউন্সিলর সওজের ওই জমি দখলের চেষ্টা করলে সেখান থেকে আগে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন তিনি। এতে দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করা হয়।
গত বছরের ১৮ ডিসেম্বর এ নিয়ে প্রথম আলোয় ‘নান্দাইলে সওজের জায়গা দখল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
পৌরসভার নতুনবাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৭ সালে ৬৭ কিলোমিটার দীর্ঘ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কটি দুই লেনে উন্নীত করার কাজ শুরু হয়।
এর আগে সড়কটির নান্দাইল উপজেলা অংশের দুপাশে থাকা কয়েক শ ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানপাট উচ্ছেদ করে সওজ। ২০১১ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর সড়কের দুই পাশে বিপুল পরিমাণ জমি খালি পড়ে থাকলেও প্রশাসনের নজরদারিতে আগের উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা আর ফিরতে পারেননি। তবে সরকারি দলের নেতা, সমর্থক ও ব্যবসায়ীরা ঠিকই অবৈধ স্থাপনা নির্মাণ করে ওই জমিতে দখল প্রতিষ্ঠায় তৎপর হন। সরেজমিনে গতকাল সোমবার সকালে গিয়ে দেখা যায়, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে সওজের জমিতে পাকা স্থাপনা নির্মাণ চলছে। সেখানে কর্মরত শ্রমিক চান মিয়া (৫২) বলেন, ‘এই হানো আওয়ামী লীগের অফিস অইব। নেতারা আমরারে কাম দিছে।’
এ বিষয়ে গতকাল মুঠোফোনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেকেই তো এসব জমিতে নানা ধরনের স্থাপনা নির্মাণ করছে। আওয়ামী লীগ করলে দোষ কী? অন্য যারা করছে, তাদের বিষয়ে খোঁজ না নিয়ে আমাদের দলীয় কার্যালয় নিয়ে প্রশ্ন তুলছেন কেন? আমরা বিষয়টি সওজের সঙ্গে আলাপ করে নেব।’
সওজ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ওই এলাকার কয়েকজন অবৈধ দখলদারের বিরুদ্ধে সওজ এরই মধ্যে মামলা করেছে। আইন সবার জন্য সমান। যারাই অবৈধ স্থাপনা নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।