সওজের জমির মাটি অবৈধ ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় ইট তৈরির জন্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটার যন্ত্র দিয়ে কেটে ওই জমির মাটি ট্রলিতে করে নেওয়া হচ্ছে ইটভাটায়। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, ভাটাটি অবৈধ।
উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ মৌজার বিএস ১০৮৫৩ নম্বর দাগের জায়গাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। ওই দাগের পাশের সাড়ে চার একর কৃষিজমি কালীকচ্ছ ইউনিয়নের কয়েকজন কৃষকের কাছ থেকে আট বছরের জন্য ভাড়া নেন আশুগঞ্জ উপজেলার মৈশাল গ্রামের মো. শফিকুল ইসলাম। বৈধ কোনো কাগজপত্র ছাড়াই সেখানে তিনি অক্টোবর মাসে মেসার্স পিবিসি ব্রিকস নামের একটি ইটভাটা চালু করেন।
গত রবি ও সোমবার সরেজমিনে দেখা গেছে, ওই ইটভাটার জন্য সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশের ১০৮৫৩ নম্বর দাগের সওজের ওই জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। একদল শ্রমিক ইটভাটার মালিকের নির্দেশে মাটি কেটে ট্রলিতে তুলছেন। ইটভাটার মালিক মো. শফিকুল ইসলাম বলেন, ‘ইটভাটার সনদ ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য আবেদন করেছি। আশা করি, অচিরেই কাগজপত্র পেয়ে যাব।’ সরকারি জায়গার মাটি কাটার বিষয়ে তিনি বলেন, ‘এটি যে সরকারি জায়গা আমি জানতাম না। রোববার বিকেলে সওজের লোকজন বলার পর আর মাটি কাটিনি।’
স্থানীয় কয়েকজন জানান, গত শনিবার ভোর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ইটভাটার মালিক প্রায় ৩০ শতাংশ ভূমির (চার ফুট গভীর করে) মাটি কেটে নিয়েছেন। গত রোববার বেলা তিনটার দিকে সওজের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম মৌখিক বাধা দিলেও রোববার সন্ধ্যা পর্যন্ত বন্ধ হয়নি মাটি কাটা। রোববার বিকেল সাড়ে চারটায় সরেজমিনে মাটি কাটতে দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য মুঠোফোনে গত সোমবার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে মাটি ভরাটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তকদির হোসেন বলেন, ‘ধর্মতীর্থ মৌজার বিশাল বিল এলাকার সরকারি ভূমি থেকে যে যেভাবে পারছে মাটি কেটে নিচ্ছে। ভূমি কার্যালয়ের লোকজন বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’ এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল আবেদীন বলেন, ‘ওই ইটভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। সরকারি জায়গা থেকে মাটি কাটার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ধরন্তী গ্রামের কৃষক মারাজ মিয়া বলেন, ‘এইডা সরকারি জায়গা, আমরা এখানে একসময় গরু ছড়াইতাম। অহন এখান তেইকা মাটি নিয়ে যাইতেছে।’