সওজের জায়গায় সাবেক ভাইস চেয়ারম্যানের স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা মৌজায় সওজের জমি দখল করে উঠছে পাকা স্থাপনা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা মৌজায় সওজের জমি দখল করে উঠছে পাকা স্থাপনা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

মানিকগঞ্জ পৌর এলাকার মানরা মৌজায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ-সমর্থিত সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান ওই স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে পৌর এলাকার মানরা মৌজায় পাঁচ-সাত বছর আগে সওজের অধিগ্রহণ করা নিচু জমিতে মাটি ফেলে ভরাট করেন আওয়ামী লীগ-সমর্থিত সাবেক ভাইস চেয়ারম্যানের বাবা মো. দারোগালী। এরপর দীর্ঘদিন সেখানে ইট ও ইটের খোয়া রেখে ব্যবসা করে আসছিলেন তাঁরা। পরে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে মানরা এলাকায় ভবনটির নির্মাণকাজ চলছে। একতলা ওই পাকা ভবনের অধিকাংশ কাজ হলেও ওপরের অংশ বাকি রয়েছে।
সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, মানরা মৌজার সি এস ১৮০ ও ১৮১ নম্বর দাগে সরকারি অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে সেমি-পাকা ভবনের নির্মাণকাজ করা হচ্ছে। শুরুতে মৌখিকভাবে বেশ কয়েকবার নির্মাণকাজ বন্ধ এবং নির্মিত অংশ অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়। সরকারি জমি দখল করা বেআইনি হলেও লুৎফর রহমান জোরপূর্বক ওই স্থাপনার নির্মাণকাজ চালিয়ে যান। এরপর ১৪ এপ্রিল সওজ কর্তৃপক্ষ ওই স্থাপনা নির্মাণকাজ বন্ধ এবং তা অপসারণের নির্দেশ দেয়। এর পরও নির্মাণকাজ বন্ধ হয়নি।
অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান বলেন, নিজের জমিতে তিনি পাকা গুদাম নির্মাণ করছেন। ওই ভবনে সিমেন্ট রাখা হবে। নোটিশ পাওয়ার ব্যাপারে তিনি বলেন, নিজের জমিতে স্থাপনা নির্মাণ করলেও সওজ তাঁকে নোটিশ দিয়েছে। এ ব্যাপারে তিনি আদালতে মামলা করবেন। এ ব্যাপারে মো. দারোগালীর সঙ্গে কথা বলতে গেলে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সওজের মানিকগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী (সড়ক উপবিভাগ) গাউস-উল-হাসান মারুফ বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নিতে লিখিতভাবে নির্বাহী প্রকৌশলী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।
সওজের জেলা নির্বাহী প্রকৌশলী মহিবুল হক বলেন, কোনো সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা বেআইনি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, সরকারি কোনো দপ্তরের জমিতে কেউ কোনো স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদে ওই দপ্তরের পক্ষ লিখিতভাবে জানাতে হবে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।