সওজের জায়গা ও খাল দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁর আষাঢ়িয়ার চর এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা এবং একটি খাল বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন। একই অভিযোগে গত দুদিন বিক্ষোভ করেছেন তাঁরা।
আষাঢ়িয়ার চর গ্রামের সানাউল্লাহ মিয়া ও ইলিয়াস মিয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সওজের একটি জায়গা ও গ্রামবাসীর পানিনিষ্কাশনের একমাত্র খালটি বাংলাদেশ কোরিয়া ডাইস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কারখানার মালিক বালু ভরাট করে দখল করে নিয়েছেন। এর প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছে।
একই গ্রামের আবদুর রউফ ও আবুল কাসেম বলেন, খালটি বালু দিয়ে ভরাট করে ফেলায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তা অনাবাদি হওয়ার উপক্রম হয়েছে। তাই খালটি পুনরুদ্ধার করার দাবিতে গত মঙ্গলবার ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম জানান, সরকারি জায়গা খাল ও সাধারণ জনগণের জমি রক্ষা করার জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন চলছে। গত মঙ্গলবার ও বুধবার বিক্ষোভ মিছিল করা হয়েছে।
ইউএনও বরাবর দেওয়া স্মারকলিপিতে আষাঢ়িয়ার চর গ্রামের ১৩৩ জন বাসিন্দা সই করেন। স্মারকলিপিতে বলা হয়, পিরোজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আষাঢ়িয়ার চর গ্রামে ৩ হাজার ৫০০ মানুষ বাস করেন। তাঁদের এলাকার পানিনিষ্কাশনের একমাত্র খালটি জোরপূর্বক দখল করে বালু ভরাট করে ফেলা হচ্ছে। এতে ওই এলাকার মানুষের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টির উপক্রম হয়েছে।
কোরিয়া ডাইস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বালু ভরাট কাজের ঠিকাদার মোক্তার হোসেন জানান, কারও জমি জোরপূর্বক দখল করা হয়নি। কারখানা কর্তৃপক্ষের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করা হয়েছে। একশ্রেণির লোক কোম্পানি থেকে সুবিধা না পেয়ে আন্দোলনে নেমেছে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফাতিমা-এ-রোশনিয়া জানান, সওজের জায়গা জোরপূর্বক দখল করার বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও আবু নাছের ভুঁঞা জানান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, সরকারি জায়গা ও খাল ভরাট করে দখল করে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।