সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ
পটুয়াখালী শহরের প্রবেশমুখে চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা ১০৪ শতক জমি ভরাট করে দখলে নিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। দখলদারদের উচ্ছেদ করে জমি উদ্ধারের জন্য সওজের পক্ষ থেকে প্রশাসনের সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, জায়গা দখল করে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
সওজ বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, পটুয়াখালী-আমতলি-বরগুনা-কাকচিড়া চৌরাস্তার দক্ষিণ-পূর্ব পাশে সওজ বিভাগ জমি অধিগ্রহণ করে। এখান থেকে মাটি কেটে নিয়ে পাশে মহাসড়ক নির্মাণ করা হয়। ফলে সেখানে জলাধার তৈরি হয়। সেই জলাধার বালু দিয়ে ভরাট করা হয়েছে। এ জমি উদ্ধারে পুলিশ প্রশাসনের সহায়তা চেয়ে ১৮ অক্টোবর পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেন সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী হাসান আল মামুন। এতে বলা হয়, স্থানীয় ইসহাক হাওলাদার নামের একজন সড়ক বিভাগের অধিগ্রহণ করা জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছেন। তাঁকে নির্মাণকাজ বন্ধ ও নির্মাণসামগ্রী অপসারণের জন্য বলা হলেও তিনি আমলে নিচ্ছেন না।
জানতে চাইলে ইসহাক হাওলাদার বলেন, এটা সওজের জায়গা কি না তা তিনি জানেন না। সওজের জায়গা হলে ছেড়ে দেবেন।
পটুয়াখালী সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী হাসান আল মামুন বলেন, ইসহাক হাওলাদার মহাসড়কের পাশে সড়ক বিভাগের প্রায় ১০৪ শতক জমি দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। এদিকে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত এ সড়কটি চার লেনে উন্নীত করার প্রক্রিয়া চলছে। দোকান নির্মাণ করা হলে পানি অপসারণে সমস্যা সৃষ্টিসহ সড়কে জলাবদ্ধতা, যানজট এবং এ কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, সড়ক বিভাগ থেকে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ইসহাক হাওলাদারকে নির্মাণকাজ বন্ধ রাখাসহ নির্মাণসামগ্রী অপসারণ করতে বলা হয়েছে। তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ করতে চাইলে পুলিশ সহযোগিতা করবে।