সওজের জায়গা ভরাট করছেন প্রভাবশালীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা একটি প্রভাবশালী মহল দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন সেখানে বালু ভরাট করা হচ্ছে।
সওজের নারায়ণগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উত্তর প্রান্তে চর রমজান সোনাউল্লাহ মৌজায় ৪২ বিঘা ভূমি ১৯৬৪ সালে সওজ অধিগ্রহণ করে। মেঘনা সেতু নির্মাণ হওয়ার আগে ওই ভূমির পাশ দিয়ে ফেরি চলাচল করত।
সওজের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, প্রায় আটট কোটি টাকা মূল্যের ওই জায়গা নিচু ও পতিত ছিল। দুই বছর ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুয়া দলিল তৈরি করে দখল করার চেষ্টা করে আসছে। মহলটি গত জানুয়ারিতে জায়গাটিতে বালু ভরাটের চেষ্টা করে। তখন সওজের পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামলা করা হয়। এরপর দখলদারেরা পিছু হটে। কিন্তু এক মাস ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারেরা আবারও জায়গাটি দখলে তৎপর হয়ে ওঠে। প্রায় ১৫ দিন ধরে ওই জায়গায় আবারও বালু ভরাট করা হচ্ছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সওজের একটি সাইনবোর্ডে। এতে লেখা রয়েছে ‘এ সম্পত্তির মালিক সড়ক ও জনপথ অধিদপ্তর’। সাইনবোর্ড উপেক্ষা করে মেঘনা নদী থেকে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করে সওজের এ জায়গা ভরাট করা হচ্ছে।
সেখানে আমিনুল ইসলাম নামের একজন শ্রমিক বলেন, মনির হোসেন নামের ঢাকার একজন ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় বালু ভরাট করাচ্ছেন। এ জায়গায় ইটভাটা করা হবে।
এ ব্যাপারে তাঁর মন্তব্য জানার জন্য ব্যবসায়ী মনির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জাকিরুল আলম বলেন, ‘মামলা দিলেও কোনো আসামিকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। দখল ঠেকাতে আমরা পুলিশের সহযোগিতা পাচ্ছি না। দু-এক দিনের মধ্যে প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেব।’
সহযোগিতা না দেওয়ার অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।