সওজের জায়গায় আ.লীগ নেতার বহুতল ভবন?

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক ও জনপথের (সওজ) কিছু জায়গা দখলে নিয়ে সেখানে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম খান এই স্থাপনা নির্মাণ করছেন।
নির্মাণকাজ বন্ধ ও স্থাপনা অপসারণ করতে আবদুর রহিমকে নোটিশ দিয়েছে সওজ কর্তৃপক্ষ। থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে শিবালয় মৌজায় ১৬০ শতক জমি কেনেন রহিম খান। দুই বছর আগে ওই জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়। একই সঙ্গে তিনি জায়গাসংলগ্ন মহাসড়কের পাশে সওজের নিচু জায়গাও ভরাট করেন। এক মাস আগে ওই জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে শিবালয় মৌজায় ভবনটির নির্মাণকাজ চলছে। পাঁচ-সাতজন শ্রমিক প্রথম তলার কলাম নির্মাণ করছেন। ইতিমধ্যে পাঁচতলা ভবনটির ভিত নির্মাণের কাজ শেষ হয়েছে।
জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, শিবালয় মৌজায় সওজের অধিগ্রহণ করা সরকারি জায়গা দখল করে রহিম খান জোরপূর্বক ভবন নির্মাণ করছেন। সম্প্রতি সওজ বিভাগের সার্ভেয়ার (জরিপকারী) দিয়ে ওই জায়গা পরিমাপ করা হয়। এতে দেখা যায়, সিএস দাগ অনুযায়ী নির্মিতব্য ভবনটির প্রায় ১৬ ফুট অংশ সওজের অধিগ্রহণ করা সরকারি জায়গার মধ্যে পড়েছে। এরপর ওই ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে রহিম খানকে একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হয়। তবে তিনি শোনেননি। এরপর গত ১১ এপ্রিল জেলা সওজ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গাউস-উল-হাসান সরকারি জায়গার ওপর নির্মিতব্য ভবনের ১৬ ফুট অংশ অপসারণের নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশনাও মানা হয়নি। এর পরিপ্রেক্ষিতে গত রোববার সওজ কর্তৃপক্ষ থানায় জিডি করে।
সূত্র আরও জানায়, আরএস দাগ অনুযায়ী ওই জায়গা নিজের বলে দাবি করে আসছেন রহিম খান। তবে সওজের সব জায়গা সিএস দাগ অনুযায়ী করা হয়েছে। বর্তমানে সিএস অনুযায়ীই অধিগ্রহণকৃত সওজের সব জায়গা। বিরোধপূর্ণ ওই জায়গা পরিমাপের জন্য সওজ একাধিকবার অনুরোধ করলেও প্রভাবশালী রহিম খান শুধু কালক্ষেপণ করেন। সোমবারও সওজ ওই জায়গা পরিমাপ করতে ঘটনাস্থলে যায়। সেদিনও রহিম খান এতে রাজি হননি।
প্রকৌশলী গাউস-উল-হাসান বলেন, সওজের অধিগ্রহণ করা সরকারি জায়গার ১৬ ফুট অবৈধভাবে দখলে নিয়ে রহিম খান ভবন নির্মাণ করছেন। সরকারি ওই জায়গার ওপর নির্মিতব্য ভবনের অংশ অপসারণে তাঁকে নোটিশ প্রদান, এমনকি জিডিও করা হয়েছে। সোমবার থেকে ভবন নির্মাণের কাজ বন্ধ আছে।
আবদুর রহিম খান বলেন, ‘ওই জায়গা আমার কেনা সম্পত্তি। এলাকাবাসীর সুবিধার্থে ওই জায়গায় আমি ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ করছি। আরএস দাগ অনুযায়ী ওই জায়গার মালিক আমি। বর্তমানে আরএস দাগ অনুযায়ী সব জমিজমার পরিমাপ করা হচ্ছে। কাজেই সওজ কর্তৃপক্ষের নিজেদের জমি দাবির বিষয়টি অবৈধ।’
প্রকৌশলী গাউস-উল হাসান বলেন, সিএস ও আরএস—উভয় দাগ অনুযায়ী সওজের জায়গা সঠিক হওয়া কথা। তবে ভুলবশত অথবা অনৈতিকভাবে আরএস দাগ অনুযায়ী সওজের অধিগ্রহণ করা সরকারি জায়গা তাঁর (আবদুর রহিম) নামে রেকর্ড করা হয়ে থাকতে পারে। সওজের অধিগ্রহণ করা সরকারি জায়গা কমবেশি হওয়ার সুযোগ নেই।
জিডির বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তাঁকে (রহিম খান) অবহিত করা হয়েছে। তবে কাজ বন্ধ রাখতে আদালত বা উপজেলা প্রশাসনের নির্দেশনা থাকতে হবে।