সওজের জায়গায় দোকান নির্মাণ করল কারা?
দীঘিনালার কবাখালী বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে পাঁচটি দোকান নির্মাণ করা হয়েছে। একটি দোকান ৫০ হাজার টাকায় বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, কবাখালী ইউনিয়ন যুবলীগ সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকানগুলো নির্মাণ করেছে।
সরেজমিনে গিয়ে দখল করা দোকানঘরের ছবি তোলার সময় সেখানে উপস্থিত হন কবাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হালিম। তিনি জানান, জায়গা দখল ও ঘর তোলার সঙ্গে যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই। ঘরগুলো কারা তুলেছে তা তাঁরা জানেন না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, নূর মোহাম্মদ কাজী নামে এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে ঘর তোলার সময় পুলিশ বাধা দিয়েছিল। পরবর্তী সময়ে ঘরগুলো কারা তুলেছে সে ব্যাপারে এলাকাবাসী মুখ খুলছে না।
সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘জায়গা দখল করে দোকান নির্মাণের ঘটনাটি শুনেছি। জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’