সওজের জায়গায় পাকা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়কের পাশে সওজের জায়গায় নির্মিত পাকা ভবন। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়কের পাশে সওজের জায়গায় নির্মিত পাকা ভবন। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে সওজের জায়গায় একটি ভবন নির্মাণ করা হয়েছে। যুবলীগের এক নেতার তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছে। ভবনটি আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে বলে নেতারা জানিয়েছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা না মেনে জোর করে ভবনটি নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, গোলচত্বরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি পাকা একতলা ভবন তৈরি করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল আলমের তত্ত্বাবধানে ভবনটি নির্মাণ করা হয়েছে। নির্মাণশ্রমিক আকবর আলী বলেন, ‘আমরা চেয়ারম্যানের নির্দেশে কাজ করছি। শুনেছি, এই ভবনের দুটি কক্ষের একটিতে আওয়ামী লীগের কার্যালয়, অপরটিতে তাঁর (হেদায়েতুল আলম) নিজস্ব কার্যালয় করা হবে।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, এখানে আগে কিছু ভ্রাম্যমাণ ফলের দোকান ছিল। ওসব দোকান তুলে দিয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি সড়ক ও জনপথের জায়গায় নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ হেল কাফি বলেন, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম বলেন, জায়গাটি ইজারা নেওয়ার জন্য সওজে আবেদন করা হয়েছে। কার্যালয় নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন নেতারা জানেন। উদ্বোধনের আগেই সওজ থেকে অনুমতি নেওয়া হবে। ভবনটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ভবন নির্মাণ করতে আগেই নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা বিষয়টি আমলে নেননি। প্রশাসনের কাছে পুলিশ চেয়ে আবেদন করা হয়েছে। পাওয়ার পর ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।